নারায়ণগঞ্জের ফতুল্লার মুসলিমনগর এলাকায় ক্রয়কৃত জমিকে ওয়ারিশ দাবি করে জোরপূর্বক দখলের চেষ্টা, স্বাস্থ্য সেবা কেন্দ্রে ভাঙচুর, বিদ্যুৎ মিটার চুরি এবং বাধা দেওয়ায় এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে মোঃ রিফাত ও তার সহযোগীদের বিরুদ্ধে।
এ ঘটনায় জমির মালিক মোঃ দেলোয়ার হোসেন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন, মুসলিমনগর এলাকার মনির হোসেনের ছেলে মোঃ রিফাত, জজ মিয়ার ছেলে ইদ্রিস আলী, মোঃ মিঠু এবং কুদ্দুস আলীর ছেলে মনির হোসেনসহ অজ্ঞাতনামা আরও ১০-১৫ জন।
থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, ফালু সরদারের ছেলে মোঃ দেলোয়ার হোসেন ১৯৯৬ সালের ২১ জুলাই ৪২৫৮ নং সাফ কবলা দলিলমূলে শ্রীধরদী মৌজার ৩.৫ শতাংশ জমি আর.এস রেকর্ডীয় মালিক দুধ মেহেরের ওয়ারিশদের কাছ থেকে খরিদ করেন। পরবর্তীতে তিনি নিজ নামে নামজারি ও জমাভাগ সম্পন্ন করে সরকারি খাজনা পরিশোধ করেন। সেখানে পাকা ভবন নির্মাণ ও বিদ্যুৎ সংযোগ নিয়ে গত প্রায় ৯ বছর ধরে ‘এবি ডায়াবেটিস সেন্টার’ নামে একটি স্বাস্থ্য সেবা কেন্দ্রকে ভাড়া দিয়ে তিনি সম্পত্তিটি ভোগদখল করে আসছিলেন।
সম্প্রতি বিবাদী মোঃ রিফাত উক্ত জমি নিজের ওয়ারিশ সূত্রে প্রাপ্ত দাবি করে জোরপূর্বক দখলের পাঁয়তারা শুরু করেন। একপর্যায়ে তিনি দেলোয়ার হোসেনের ভাড়াটিয়াকে বের করে দিয়ে বাড়ির মূল ফটকে তালা ঝুলিয়ে দেন।
এরই ধারাবাহিকতায় গত ১৫ আগস্ট রাত আনুমানিক ৯টার দিকে মোঃ রিফাতের নেতৃত্বে অভিযুক্তরা বেআইনিভাবে তালা ভেঙে ভবনে প্রবেশ করে। অভিযুক্তরা ভবনটিতে থাকা ডায়াবেটিস সেন্টারের মালামালসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে প্রায় ৩ লাখ টাকার ক্ষতিসাধন করে। এ সময় তারা পূর্বের বৈদ্যুতিক মিটার (নং-১০৩৯৪৫৮২০) কেটে নিয়ে যায় এবং নিজেদের একটি মিটার স্থাপন করে দখলের চেষ্টা চালায়।
খবর পেয়ে দেলোয়ার হোসেনের জামাতা ঘটনাস্থলে পৌঁছালে বিবাদীরা তাঁর ওপর চড়াও হয়। একপর্যায়ে ১ নম্বর বিবাদী লোহার রড দিয়ে সজোরে আঘাত করে তাঁর বাম পায়ের হাঁটু ও হাড় ভেঙে ফেলে। অন্য এক বিবাদী সুইচ গিয়ার (ধারালো ছুরি) দিয়ে গলায় পোচ দেওয়ার চেষ্টা করলে তিনি হাত দিয়ে তা ঠেকানোর চেষ্টা করেন, ফলে তাঁর বাম হাতের কনুইয়ের ওপরে গভীর কাটা জখম হয়। এ ছাড়া তাঁকে এলোপাতাড়ি মারধর ও চোখে আঘাত করে রক্তাক্ত করা হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন এগিয়ে এলে বিবাদীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
এ বিষয়ে ভুক্তভোগী দেলোয়ার হোসেন জানান, আমার বৈধভাবে কেনা জমি জবরদখল করতে বিবাদীরা তাণ্ডব চালিয়েছে এবং আমার জামাতাকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে পঙ্গু করার চেষ্টা করেছে। আমি বর্তমানে পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি এবং এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চাই।