নারায়ণগঞ্জের ফতুল্লার দেওভোগ এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসাকে ঘিরে প্রশাসনিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার এবং স্বজনপ্রীতির অভিযোগে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। কওমি শিক্ষা বোর্ডের পরীক্ষা-সংক্রান্ত দায়িত্ব বণ্টন, শিক্ষক পরিচয় এবং একাডেমিক কার্যক্রমে অনিয়মের অভিযোগ এনে প্রতিষ্ঠানটির মুহতামিম মাওলানা আবু তাহের জিহাদীর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন মাদ্রাসার বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের একাংশ, স্থানীয় সচেতন নাগরিক।
অভিযোগকারীদের দাবি, দীর্ঘদিন ধরে মাদ্রাসার প্রশাসনিক ক্ষমতা ব্যবহার করে ব্যক্তিগত স্বার্থসংশ্লিষ্ট সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে কওমি শিক্ষা বোর্ডের গুরুত্বপূর্ণ দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে স্বচ্ছতা অনুসরণ না করে আত্মীয়প্রীতির মাধ্যমে সুবিধা দেওয়া হয়েছে বলে তারা অভিযোগ তুলেছেন।
অভিযোগ অনুযায়ী জানা যায়, মুহতামিম মাওলানা আবু তাহের জিহাদী তার মেয়ের জামাই মুফতি হাবিবুর রহমান কাসেমীকে মাদ্রাসার মুহাদ্দিস হিসেবে পরিচয় দিয়ে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এবং আল-হাইয়াতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের বিভিন্ন পরীক্ষা-সংক্রান্ত দায়িত্ব পাইয়ে দেন।
গত প্রায় সাত বছর ধরে তিনি দেওভোগ মাদ্রাসার পরিচয়ে বেফাক ও আল-হাইয়াতুল উলয়া বোর্ডের পরীক্ষার খাতা মূল্যায়নের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। অথচ বাস্তবে তিনি মাদ্রাসার নিয়মিত শিক্ষক নন এবং তার নিয়োগের বৈধ প্রশাসনিক নথিও নেই বলে অভিযোগ করা হয়েছে।
তাদের মতে, একটি শিক্ষা প্রতিষ্ঠানের নামে যোগ্যতা ও নিয়ম অনুসরণ না করে কাউকে বোর্ডের দায়িত্ব দেওয়া হলে তা শুধু সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নয়, পুরো কওমি শিক্ষা ব্যবস্থার গ্রহণযোগ্যতার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
অভিযোগকারীরা দাবি করেছেন, মুফতি হাবিবুর রহমান কাসেমীর নামে মাদ্রাসায় নিয়মিত শিক্ষক হিসেবে নিয়োগের কোনো বৈধ কাগজপত্র নেই। এমনকি দীর্ঘ সময় ধরে তিনি নিয়মিত পাঠদানও করেননি বলে তাদের অভিযোগ।
তাদের বক্তব্য, যদি এসব অভিযোগ সত্য হয়ে থাকে, তাহলে একজন অনিয়মিত বা আনুষ্ঠানিকভাবে নিয়োগপ্রাপ্ত নন, এমন ব্যক্তিকে মাদ্রাসার শিক্ষক পরিচয়ে বোর্ডের দায়িত্ব দেওয়ার বিষয়টি গুরুতর প্রশাসনিক অনিয়ম হিসেবে বিবেচিত হতে পারে।
বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের কয়েকজন জানান, অভিযোগের পক্ষে বিভিন্ন নথি, প্রশাসনিক তথ্য এবং অন্যান্য প্রমাণ তাদের হাতে রয়েছে। তারা দাবি করেন, এসব তথ্য ইতোমধ্যে সংরক্ষণ করা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনার পাশাপাশি বিভিন্ন জাতীয় ও স্থানীয় গণমাধ্যমেও পাঠানো হয়েছে।
সম্প্রতি বেফাকের একটি প্রতিনিধি দল মাদ্রাসাটি পরিদর্শন করলে বিষয়টি আরও আলোচনায় আসে। অভিযোগকারীদের দাবি, প্রতিনিধি দলের আগমনের বিষয়টি আগে থেকে শিক্ষক, শিক্ষার্থী কিংবা সংশ্লিষ্টদের জানানো হয়নি।
তাদের অভিযোগ, প্রতিনিধি দলটি পরিদর্শনের সময় অভিযোগকারী বা সাধারণ শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে কোনো মতবিনিময় করেনি। ফলে পরিদর্শনের উদ্দেশ্য এবং তদন্ত প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে।
একটি গুরুতর অভিযোগের তদন্তে যদি সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য গ্রহণ না করা হয়, তাহলে তদন্তের নিরপেক্ষতা নিয়ে জনমনে সন্দেহ তৈরি হওয়াই স্বাভাবিক।
এ ঘটনায় জেলা বেফাক কমিটির ভূমিকাও প্রশ্নের মুখে পড়েছে বলে দাবি করেছেন অভিযোগকারীরা। তাদের মতে, দীর্ঘদিন ধরে যদি এমন অনিয়ম চলতে থাকে, তাহলে সংশ্লিষ্ট জেলা পর্যায়ের দায়িত্বশীলদের নজরদারি নিয়েও প্রশ্ন ওঠা স্বাভাবিক। প্রশাসনিক দুর্বলতা কিংবা দায়িত্ব পালনে অবহেলা থাকলে তারও যথাযথ মূল্যায়ন হওয়া প্রয়োজন।
স্থানীয় সচেতন মহল মনে করছে, বিষয়টি কোনো ব্যক্তি বা একটি প্রতিষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয়,এটি কওমি শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনআস্থার সঙ্গে সম্পর্কিত।
অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করা হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে এবং ভবিষ্যতে এ ধরনের বিতর্ক এড়ানো সম্ভব হবে।
অভিযোগকারীরা দাবি করেছেন, তদন্তে অভিযোগ প্রমাণিত হলে মাওলানা আবু তাহের জিহাদী এবং অভিযুক্ত মুফতি হাবিবুর রহমান কাসেমীর বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাশাপাশি ভবিষ্যতে শিক্ষক নিয়োগ, বোর্ডের দায়িত্ব বণ্টন এবং প্রশাসনিক কার্যক্রমে কঠোর নীতিমালা অনুসরণেরও আহ্বান জানিয়েছেন তারা।
তাদের মতে, ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদা ও কওমি শিক্ষা ব্যবস্থার প্রতি মানুষের আস্থা অটুট রাখতে কোনো ধরনের অনিয়ম বা ক্ষমতার অপব্যবহার বরদাশত করা উচিত নয়।
অভিযোগের বিষয়ে মুফতি হাবিবুর রহমান কাসেমীর মুঠো ফোনে 017269572## যোগাযোগ করা হলে তিনি জানান, মুহতামিম মাওলানা আবু তাহের জিহাদী আমার শশুর। আমি কাছে দেওভোগ জামিয়া আরাবিয়া দারুল উলুম মাদ্রাসা শিক্ষক হিসেবে কখনো পরিচয় দেইনি। আমি বিভিন্ন প্রতিষ্ঠান মাদ্রাসার কাজ করে থাকি।