বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
নারায়ণগঞ্জে লকডাউনের প্রভাব নেই, স্বাভাবিক জনজীবন ফতুল্লায় ট্রেনের বগি ও দুটি লেগুনায় আগুন, যাত্রীদের মধ্যে আতঙ্ক তক্কারমাঠে সশস্ত্র হামলা-ভাঙচুর, ভিডিও করতে গিয়ে প্রাণ গেল নিরপরাধ যুবকের ফতুল্লায় বিএনপির দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল ইউসুফের! পুলিশের ব্যর্থতায় ক্ষুব্ধ গণমাধ্যমকর্মীরা, ফতুল্লায় ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ফতুল্লার দেলপাড়ায় পুলিশের অভিযানে ২৫ পিস ইয়াবাসহ কসাই মাসুদ আটক সিদ্ধিরগঞ্জে তেল চোর সিন্ডিকেটের দাপট, নিয়ন্ত্রণে অনুপ শেখ! সোনারগাঁয়ে প্লাস্টিকের বস্তায় চাল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা সিদ্ধিরগঞ্জে উপর্যুপরি ছুরিকাঘাতে যুবককে হত্যা,আটক ১ সিদ্ধিরগঞ্জে জেট ফুয়েল চুরির মহাসাম্রাজ্য, অভিযোগের কেন্দ্রে ইরফান ভূঁইয়া!!

নারায়ণগঞ্জে লকডাউনের প্রভাব নেই, স্বাভাবিক জনজীবন

মোঃ সোহেল / ৬২ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন

সোনারগাঁয়ে বাস ও খড়বোঝাই ট্রাকে আগুন, সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা দেশব্যাপী লকডাউন কর্মসূচিতে নারায়ণগঞ্জে তেমন কোনো প্রভাব পড়েনি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল থেকে গুঁড়িগুঁড়ি বৃষ্টি উপেক্ষা করে জেলার প্রধান সড়কগুলোতে যানবাহন চলাচল ও জনজীবন ছিল প্রায় । তবে জেলার সোনারগাঁ উপজেলায় পৃথক দুটি স্থানে একটি যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে দুটি যানবাহনই পুড়ে যায়। তবে বাসের যাত্রীরা দ্রুত নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আগাম সতর্কতামূলক ব্যবস্থা এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঠে অবস্থানের কারণে জেলার কোথাও বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বৃহস্পতিবার সকালে শহরের চাষাঢ়া, ফতুল্লা, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডসহ গুরুত্বপূর্ণ সড়কগুলো ঘুরে স্বাভাবিক যান চলাচলের চিত্র দেখা গেছে। বাস, সিএনজিচালিত অটোরিকশা, রিকশাসহ বিভিন্ন যানবাহন চলাচল করেছে। কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীরাও প্রতিদিনের মতো নিজ নিজ গন্তব্যে যাতায়াত করেছেন। খোলা ছিল অধিকাংশ দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান।

লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার রাত থেকেই জেলার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও নজরদারি জোরদার করা হয়। পাশাপাশি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে পাহারা দেন।আজ সকালেও সদরসহ জেলার বিভিন্ন উপজেলা ও গুরুত্বপূর্ণ সড়কে তাঁদের তৎপরতা দেখা গেছে।

এদিকে, আজ ভোরে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক এলাকায় এশিয়ান হাইওয়েতে একটি খড়বোঝাই ট্রাকে আগুন দেয় দুর্বৃত্তরা। জানা গেছে, দিনাজপুর থেকে আসা ট্রাকটি সড়কের পাশে দাঁড় করিয়ে চালক ও তাঁর সহকারী ঘুমিয়ে ছিলেন। ভোর সাড়ে ৫টার দিকে ট্রাকটিতে আগুন জ্বলতে দেখে স্থানীয়রা বিষয়টি জানান। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ট্রাকে থাকা খড় পুড়ে যায়।

অন্যদিকে, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতু এলাকায় আরেকটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বাসটি রাজধানীর সায়েদাবাদ থেকে গৌরীপুরের উদ্দেশে যাচ্ছিল। কাঁচপুর সেতু এলাকায় যাত্রী ওঠানোর সময় যাত্রীবেশে থাকা কয়েকজন দুর্বৃত্ত বাসটির পেছনের অংশে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। এ সময় যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে যাওয়ায় প্রাণহানির ঘটনা ঘটেনি। খবর পেয়ে পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। পরে ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাসটি সম্পূর্ণ পুড়ে যায়।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা বলেন, যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো যাত্রীর ক্ষতি হয়নি। ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং পুড়ে যাওয়া বাসটি রেকারের মাধ্যমে সরিয়ে নেওয়া হচ্ছে।

এদিকে, যেকোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলার গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে। সকাল থেকেই চাষাঢ়াসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশের টহল ও উপস্থিতি লক্ষ্য করা গেছে।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে পুলিশ, বিজিবি, আনসার ও এসআরবি সমন্বিতভাবে মাঠে কাজ করছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, যান চলাচল স্বাভাবিক রাখা এবং নাশকতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে। লকডাউনের নামে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না। সাধারণ মানুষ নির্ভয়ে তাঁদের দৈনন্দিন কাজ করতে পারছেন, এটাই আমাদের সফলতা।

নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, গত রাত থেকেই জেলার প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট ও টহল জোরদার করা হয়েছে। সোনারগাঁয়ে দুটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে তিনি সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে স্বাভাবিক জীবনযাপন অব্যাহত রাখার আহ্বান জানান।

সব মিলিয়ে, সোনারগাঁয়ে পৃথক দুটি অগ্নিসংযোগের ঘটনা ছাড়া নারায়ণগঞ্জের সার্বিক পরিস্থিতি ছিল স্বাভাবিক। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্ক অবস্থান ও প্রশাসনিক তৎপরতায় জেলার প্রধান সড়কগুলোতে যান চলাচল এবং সাধারণ মানুষের দৈনন্দিন কার্যক্রমে লকডাউন কর্মসূচির উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়েনি।

 


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর