নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল পদ্মা অয়েল ডিপোকে ঘিরে জেট ফুয়েল চুরির কোটি কোটি টাকার কারবারের অভিযোগ উঠেছে। আর এই অভিযোগের সূত্র ধরে আলোচনায় উঠে এসেছে কথিত তেল কারবারি ইরফান ভূঁইয়ার নাম। অভিযোগ রয়েছে, জেট ফুয়েল চুরির বিশাল কারবারের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ থাকলেও এখনো অধরা রয়েছেন ইরফান ভূঁইয়া।দেশের বিমান চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি জেট ফুয়েল। এই জ্বালানি চুরির অভিযোগ শুধু আর্থিক অনিয়ম নয়, বরং জাতীয় সম্পদ সুরক্ষা ও জ্বালানি ব্যবস্থাপনার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলছে।
স্থানীয়দের অভিযোগ, জেট ফুয়েল চুরির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ না হওয়ায় এ ধরনের কর্মকাণ্ড বন্ধ হচ্ছে না।ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলে মূলত শামীম ওসমানকে ম্যানেজ করে পদ্মা ডিপোতে সকল অপরাধ কার্যক্রম করতেন ইরফান ভূঁইয়া। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ ও দুদকে তদন্ত চলমান থাকলেও কেউ তার পশম ছুঁতে পারেনি। গণমাধ্যমের সংবাদকেও থোরাই কেয়ার করতেন তিনি। পদ্মা ডিপোতে শক্তিশালী সিন্ডিকেট গড়ে তেল চুরির রাজত্ব কায়েম করেছিলেন এই ব্যক্তি। পদ্মা ওয়েল ডিপোর ভেতরে তার বিরুদ্ধে কেউ কথা বললে ধরে নিয়ে চালানো হতো নির্যাতন। তার তত্ত্বাবধায়নে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্র জনতার আন্দোলনে হামলা ও গুলি চালানোর অভিযোগ আছে। এসব কারণে গত ৫ আগস্টের পর তার বিরুদ্ধে সোঁনারগাও থানায় হেফাজতের হত্যা মামলা সহ বিভিন্ন থানায় মামলা হলেও বিপুল অর্থের বিনিময়ে বাদীর নো অবজেকশনের মাধ্যমে মামলা থেকে তিনি অব্যাহতি নেন।
জানা যায়, সিদ্ধিরগঞ্জের যুবলীগের সভাপতি মতি সহ স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এই ইরফান ভূঁইয়ার। তাদের সাথে মিলেই গোদনাইল পদ্মা অয়েল ডিপো থেকে তেল চুরির সিন্ডিকেট পরিচালনা করতেন ইরফান ভূঁইয়া। এ কাজ করেই শত কোটি কোটি টাকার মালিক বনে যান ইরফান ভূঁইয়া।
গত বুধবার (১১ মার্চ) নারায়ণগঞ্জের গোদনাইল পদ্মা অয়েল ডিপো থেকে জেট ফুয়েল নিয়ে ছেড়ে যাওয়া অন্তত ৪টি গাড়ি রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পাশে অবস্থিত কুর্মিটোলা ডিপোতে পৌঁছায়নি। গাড়ি নম্বর গুলো হলো, ৪১-০৭০০, ৪২-০২৫২, ৪১-০৬৪৯ ও ৪১-০৬৯৮। তবে কাগজে-কলমে গাড়িগুলো কুর্মিটোলা ডিপোতে পৌঁছেছে উল্লেখ করা হয়। বাস্তবে গাড়িগুলোতে থাকা তেল অন্যত্র পাচার করা হয়। এঘটনায়ও তদন্তে ইরফান ভূঁইয়ার যোগসাজশ পাওয়া যায়।এছাড়াও গত শনিবার (৩১ অক্টোবর) সিদ্ধিরগঞ্জে চিটাগাংরোড শিমরাইলে সাড়ে ১৬ হাজার লিটার জেট ফুয়েলসহ আওয়ামী লীগ নেতা ইয়ার হোসেন ভূঁইয়ার মালিকানাধীন জ্বালানি তেলের ট্যাংকার জব্দ করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এই ঘটনায় ট্যাংকার চালক সাগর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় আসামি করা হয় ইরফান ভূঁইয়ার আপন চাচা ইয়ার হোসেন ভূঁইয়া কে। তবে অদৃশ্য শক্তির ইশারায় মামলা থেকে এবারও বাদ পড়েন ইরফান ভূঁইয়া।
ইরফান ভূঁইয়ার নেতৃত্বে আওয়ামী লীগ পন্থী কুর্মিটোলা ডিপো এভিয়েশন ডিজিএম অনুপ কুমার বড়ুয়া, কুর্মিটোলা ডিপো ইনচার্জ রেদোয়ান ও ডিপার (স্টাফ) আলমগীরের যোগসাজশে রূপগঞ্জ, শ্যামপুর, গাজী ব্রীজ এলাকায় জেট-এ ওয়ান তেল কারসাজিতে জড়িত এ চক্রটি বলে অনুসন্ধানে জানা যায়। এভাবে এ সিন্ডিকেটের তেল চুরির মাধ্যমে সরকার কোটি কোটি টাকার রাজস্ব হারাচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে এলাকার কয়েকজন বাসিন্দা জানান, একাধিকবার প্রশাসনের অভিযান পরিচালিত হলেও চক্রটির মূল হোতা ইরফান ভূঁইয়া, ইয়ার হোসেন ভূঁইয়া ও তার সহযোগীরা ধরা না পড়ে রহস্যজনকভাবে পালিয়ে যায় কিংবা পূর্বেই খবর পেয়ে এলাকা ছাড়ে। এতে সাধারণ মানুষের মধ্যে ধারণা তৈরি হয়েছে যে, কোনো অদৃশ্য মহলের সহযোগিতায় তারা নিয়মিতই ধরা-ছোঁয়ার বাইরে থেকে যায়। অভিযানে ধরা পড়লেও কিছুদিনের মধ্যে আবার আগের মতই কার্যক্রম শুরু হয়ে যায় বলে অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসী মনে করছেন, দ্রুত ব্যবস্থা না নিলে তেলচোরদের এই বেপরোয়া অবৈধ সাম্রাজ্য আরও বিস্তৃত হবে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তারা প্রশাসনের নিকট জরুরি ভিত্তিতে কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন। এছাড়া বৈধ আয় বহির্ভুত সম্পদের অনুসন্ধান করতে দুদকের প্রতি আহ্বান জানিয়েছেন।
এ বিষয়ে বক্তব্যের জন্য ইরফান ভূঁইয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ভাই আমি তো তেলের ব্যবসা করিনা। আমি রাজনীতি করতাম তাই বর্তমানে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হচ্ছি। তাছাড়া আপনি যে কটি গাড়ির নম্বর বললেন সেটা আমি জানিনা। তাছাড়া সে সময়ের তেল চুরির ঘটনায় আটক গাড়ির চালকরা তো জেলে রয়েছে। এছাড়াও তেলের ব্যবসা করতে গেলে লাইসেন্সের প্রয়োজন হয়ে থাকে আমার তো কোন লাইসেন্স নেই তাহলে আমি কিভাবে এ ব্যবসা করবো। আপনি খোজ নিয়ে দেখুন।