বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
শেখ হাসিনার ফেরার ঘোষণা ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ, চাপে কি বিএনপি সরকার? রূপগঞ্জে এসআরবি’র অভিযানে ইয়াবা-এসকাফসহ গ্রেফতার ৫ ফতুল্লায় ১০ কেজি গাঁজা ও ৫৫৬ ইয়াবাসহ গ্রেফতার ২ সিদ্ধিরগঞ্জে বাড়িতে গাঁজা চাষের অভিযোগে যুবক গ্রেফতার চুলার আগুনে স্বপ্ন বুনছেন ফিরোজা, পিঠা বিক্রিতেই খুঁজে পেয়েছেন স্বাবল শ্রীলঙ্কার জালে এক হালি গোল, গ্রুপসেরা হয়ে সেমিতে বাংলাদেশ আমু ঠাস কইরা গুলি কইরা দিমু” আলোচনায় মৎস্যজীবী দল নেতা এইচ.এম.হোসেন কলাপাড়ার নীলগঞ্জে মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ, হাত বাড়ালেই মিলছে ইয়াবা-গাঁজা কলাপাড়ার নীলগঞ্জে মাদকের ভয়াবহ বিস্তার, হাত বাড়ালেই মিলছে মাদক মানবিক কাজে সহযোগিতা, দুই উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতি পাশে দাঁড়াই স্বেচ্ছাসেবী সংগঠনের কৃতজ্ঞতা

শেখ হাসিনার ফেরার ঘোষণা ঘিরে নতুন রাজনৈতিক সমীকরণ, চাপে কি বিএনপি সরকার?

মো. সোহেল আহমেদ / ১৭ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পাওয়ার আবেদনকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। ভারতের অবস্থান থেকে ডিসেম্বরে দেশে ফেরার ইঙ্গিত দেওয়ার পর এবার দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন পাঠানোর খবর সামনে আসায় বিষয়টি নতুন মাত্রা পেয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগ ও ঝটিকা মিছিলের ঘটনায় রাজনৈতিক অঙ্গনে বাড়ছে উদ্বেগ।

প্রশ্ন উঠেছে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা কি নিছক রাজনৈতিক কৌশল, নাকি এর পেছনে রয়েছে বাস্তব কোনো প্রস্তুতি? আওয়ামী লীগের নেতাকর্মীদের সক্রিয় করার পাশাপাশি বিএনপি সরকারকে রাজনৈতিক ও প্রশাসনিক চাপে রাখতেই কি এমন তৎপরতা চালানো হচ্ছে?

সম্প্রতি লন্ডনভিত্তিক একটি আইনজীবী প্রতিষ্ঠানের মাধ্যমে ই-মেইলে দিল্লির বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডি পাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে একটি আবেদন পাঠানোর খবর প্রকাশিত হয়। তবে আবেদনটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সরকার বিষয়টি যাচাই করছে বলে জানিয়েছেন তিনি।

অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, শেখ হাসিনাকে নতুন পাসপোর্ট কিংবা এনআইডি দেওয়ার কোনো সুযোগ নেই। তাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে সাধারণ পাসপোর্ট বা ট্রাভেল পাসের পরিবর্তে ভারত-বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তির বিষয়টিকেই গুরুত্ব দিচ্ছে সরকার।

এদিকে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দিয়েছেন। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের বক্তব্য অনুযায়ী, নির্ধারিত ৩০ দিনের মধ্যে আপিল না করায় শেখ হাসিনার আপিলের সুযোগ নিয়েও আইনি জটিলতা তৈরি হয়েছে। ফলে মৃত্যুদণ্ডের রায় বহাল থাকা অবস্থায় তার দেশে ফেরার সম্ভাবনা কতটা বাস্তবসম্মত, তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে আওয়ামী লীগের রাজনৈতিক কৌশল হিসেবেই দেখছেন বিশ্লেষকদের একটি অংশ। তাদের মতে, দীর্ঘদিন আত্মগোপনে থাকা নেতাকর্মীদের মধ্যে নতুন করে রাজনৈতিক উদ্দীপনা তৈরি করা এবং দলীয় সমর্থকদের সক্রিয় রাখার উদ্দেশ্যেই এমন ঘোষণা ও তৎপরতা সামনে আনা হচ্ছে।

অন্যদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বিষয়টিকে আওয়ামী লীগের নাটক হিসেবে অভিহিত করেছেন। তার বক্তব্য, দেশে রাজনৈতিক পরিস্থিতি ঘোলাটে করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি এবং সেই সুযোগে রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। তবে বিএনপি সরকার এ নিয়ে চাপে নেই; বরং বেআইনি তৎপরতা মোকাবিলায় সরকার ও দল সতর্ক অবস্থানে রয়েছে।

এদিকে গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, গত শনিবার থেকে দেশের বিভিন্ন স্থানে প্রায় অর্ধশত ককটেল বিস্ফোরণ এবং ৩২টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ৮৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা। এসব ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সংশ্লিষ্টতা খতিয়ে দেখছে পুলিশ।

তবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এসব ঘটনার সঙ্গে দলটির সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করে আওয়ামী লীগের প্রতি জনগণের সমর্থন কমেনি বলে দাবি করেছেন। দলটির মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাতের বক্তব্য, শেখ হাসিনা দেশে ফিরতে চাইছেন; অথচ সরকার তাকে ফেরার ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা করছে না।

শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন ঘিরে সরকারের কঠোর প্রতিক্রিয়া নিয়েও রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে। বিএনপির ভেতরেও এ বিষয়ে ভিন্নমত দেখা যাচ্ছে। দলের একটি অংশ মনে করছে, শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা বাস্তবে রূপ নেওয়ার সম্ভাবনা কম। ফলে বিষয়টিকে অতিরিক্ত গুরুত্ব না দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাই সরকারের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত।

অন্যদিকে সাম্প্রতিক নাশকতার ঘটনাগুলো মোকাবিলায় সরকারের প্রস্তুতি ও সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেছেন রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন আহমদ। তার মতে, বিভিন্ন স্থানে যেসব ঘটনা ঘটছে, সেগুলো মোকাবিলায় সরকারকে এখনো যথেষ্ট গোছানো মনে হচ্ছে না। নাশকতা আরও বিস্তৃত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে উঠতে পারে।

এ পরিস্থিতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান দলীয় সংসদ সদস্য ও নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে। একই সঙ্গে রাজপথে সক্রিয় থাকার কথাও জানিয়েছে বিএনপি।

জাতীয় সংসদেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সীমান্তের ওপার থেকে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হতে পারে। এ ধরনের তৎপরতা প্রতিহত করতে জাতীয় ঐক্য প্রয়োজন।

সব মিলিয়ে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এখন আর কেবল একজন সাবেক প্রধানমন্ত্রীর প্রত্যাবর্তনের প্রশ্নে সীমাবদ্ধ নেই; এটি নতুন করে দেশের রাজনীতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও ক্ষমতাসীন বিএনপির রাজনৈতিক কৌশলের সঙ্গে জড়িয়ে পড়েছে। তবে এই তৎপরতা বিএনপি সরকারকে বাস্তবে কতটা চাপে ফেলতে পারছে, নাকি আওয়ামী লীগের সাংগঠনিক শক্তি ধরে রাখার একটি রাজনৈতিক প্রচেষ্টা হিসেবেই শেষ হবে ,তা নির্ভর করছে আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতি ও মাঠপর্যায়ের ঘটনাপ্রবাহের ওপর।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর