নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পাটজাত মোড়কের পরিবর্তে প্লাস্টিকের বস্তায় চাল সংরক্ষণ ও বিক্রির দায়ে দুই মুদি ব্যবসায়ীকে মোট ১১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার বিকেলে উপজেলার মোগরাপাড়া চৌরাস্তা কাঁচাবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর নিয়ন্ত্রণ এবং পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন বাস্তবায়নের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চাল সংরক্ষণ ও বিক্রির ক্ষেত্রে পাটের বস্তার পরিবর্তে নিষিদ্ধ প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় আলামিন নামের এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা এবং আকতার নামের অপর এক ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে নারায়ণগঞ্জ জেলা পাট অধিদপ্তরের মুখ্য পরিদর্শক এনায়েত হোসেন, সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের কম্পিউটার অপারেটর আতাউর রহমানসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এদিকে, ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও জরিমানার খবর বাজারে ছড়িয়ে পড়লে অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। একপর্যায়ে কয়েকজন ব্যবসায়ী দোকান খোলা রেখেই দ্রুত স্থান ত্যাগ করেন। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট কিছুক্ষণ অপেক্ষা করে অভিযান সমাপ্ত ঘোষণা করেন।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুন সরকার বলেন, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন অমান্য করে চালের বস্তায় পাটের পরিবর্তে প্লাস্টিকের বস্তা ব্যবহার করায় দুই ব্যবসায়ীকে মোট ১১ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।