নারায়ণগঞ্জের ফতুল্লায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারী পোশাকশ্রমিককে ধর্ষণের অভিযোগে পাভেল (৩৬) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৮ অক্টোবর) রাতে সদর উপজেলার কুতুবাইল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত পাভেল ফতুল্লার কুতুবাইল কাঠেরপুল এলাকার মৃত জাবেদ মিয়ার ছেলে। তিনি ফতুল্লা রেজিস্ট্রি অফিসের দলিল লেখক হিসেবে কাজ করেন এবং স্থানীয় দলিল লেখক ইউনুস ভেন্ডারের ভাতিজা বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে ওই নারী তাঁর স্বামীর সঙ্গে বিবাহবিচ্ছেদের পর কুতুবাইল এলাকায় একা বসবাস শুরু করেন। একই এলাকায় বসবাসের সুবাদে পাভেলের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগী নারীর অভিযোগ, পাভেল তাঁকে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। সম্প্রতি গলাচিপা কলেজ রোডের একটি রেস্টুরেন্টে দেখা হলে পাভেল তাঁকে দ্রুত বিয়ে করার আশ্বাস দেন এবং বিষয়টি পরিবারের সদস্যদের জানাবেন বলে আশ্বস্ত করেন।
অভিযোগে আরও বলা হয়, গত (১৭ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে পাভেল ওই নারীর ভাড়া বাসায় প্রবেশ করেন। একপর্যায়ে তিনি শারীরিক সম্পর্কের প্রস্তাব দিলে ওই নারী এতে আপত্তি জানান। এরপর তাঁর ইচ্ছার বিরুদ্ধে পাভেল জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী।
স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, পাভেল এলাকায় ‘লুচ্চা পাভেল’ নামে পরিচিত। তাঁর বিরুদ্ধে এর আগেও একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছিল বলেও স্থানীয়রা দাবি করেন। এসব অভিযোগ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার বিচার-সালিশ হওয়ার কথাও জানিয়েছেন তাঁরা।
স্থানীয়দের অভিযোগ, অতীতে বিভিন্ন ঘটনায় পার পেয়ে যাওয়ায় পাভেল আরও বেপরোয়া হয়ে উঠেছিলেন। তাঁর গ্রেপ্তারের খবরে এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
ফতুল্লা মডেল থানা-পুলিশ জানায়, ভুক্তভোগী নারী থানায় লিখিত অভিযোগ দেওয়ার পর শনিবার রাতে অভিযান চালিয়ে কুতুবাইল এলাকা থেকে পাভেলকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মামলা রুজুর প্রক্রিয়া চলছে। পাশাপাশি অভিযোগের প্রকৃত ঘটনা উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।