ঘড়ির কাঁটায় রাত ১১টা। চারপাশে যখন সাধারণ মানুষের ঘুমানোর প্রস্তুতি, ঠিক তখনই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সিদ্ধিরগঞ্জ থানার ৩ নম্বর ওয়ার্ডের আদর্শনগর এলাকায় নেমে আসে অপরাধের অন্ধকার। গভীর রাতের নিস্তব্ধতার সুযোগ নিয়ে আদর্শনগর মেলার মাঠ ও আশপাশের অলিগলিতে গড়ে ওঠে মরণনেশা হিরোইন ও ইয়াবার রমরমা হাট, যা চলে ভোররাত পর্যন্ত।
সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আদর্শনগর মেলার মাঠটিকে নিরাপদ রুট হিসেবে ব্যবহার করছে চিহ্নিত কিছু মাদক কারবারি। রাত বাড়ার সঙ্গে সঙ্গে এখানে বাড়ে বহিরাগত মাদকসেবী ও বিক্রেতাদের আনাগোনা। ভিডিও চিত্রেও মেলে এর সত্যতা, লাইটের আলোর নিচে একাধিক সন্দেহভাজন যুবককে প্রকাশ্যে ঘোরাফেরা ও গোপনে লেনদেন করতে দেখা যায়। কোনো আইনের তোয়াক্কা না করেই চলছে এই কেনাবেচা।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, আদর্শনগরের এই পরিস্থিতি নিয়ে একাধিকবার মৌখিক ও লিখিতভাবে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে জানানো সত্ত্বেও প্রশাসন নীরব ভূমিকা পালন করছে। ফলে দিন দিন আরও বেপরোয়া হয়ে উঠছে চক্রটি।
এই মাদক কারবারের প্রত্যক্ষ প্রভাব পড়ছে এলাকার শান্তিশৃঙ্খলায়। মাদকের অর্থ জোগাড় করতে গিয়ে এলাকায় আশঙ্কাজনক হারে বেড়েছে চুরি, রোড-ছিনতাইসহ নানা অপরাধ। রাতের বেলায় সাধারণ মানুষ স্বাভাবিক চলাচলের নিরাপত্তা হারিয়েছেন। আর এই সর্বনাশা মাদকের ছোবলে পড়ে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছাচ্ছে স্থানীয় যুবসমাজ।
এলাকাবাসীর একটাই জোর দাবি, আদর্শনগরের মাদকের এই গোপন সাম্রাজ্য গুঁড়িয়ে দিতে দ্রুত সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ও র্যাবের যৌথ অভিযান পরিচালনা করা হোক।