ঘটনার তিন দিন পার হয়ে গেলেও হামলার চেষ্টাকারী ও অস্ত্রের মহড়া দেওয়া সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। প্রতিদিন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুলসংখ্যক আসামি গ্রেপ্তার করা হচ্ছে, অথচ একজন সাংবাদিককে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়ার ঘটনায় অভিযুক্তরা ধরাছোঁয়ার বাইরে! অভিযুক্তদের সঙ্গে কারা যোগাযোগ রাখছেন এবং প্রশাসনের ও রাজনৈতিক মহলের কারা তাঁদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছেন, সেই তথ্য আমাদের হাতে রয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেপ্তার করা না হলে জেলার সব পর্যায়ের সাংবাদিকদের নিয়ে বৃহত্তর কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
দৈনিক যুগান্তরের সাংবাদিক ও ফতুল্লা প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন প্রধানের ওপর হামলার চেষ্টা, বাড়ির সামনে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া এবং হত্যার হুমকির ঘটনায় প্রশাসনের রহস্যজনক ভূমিকার তীব্র সমালোচনা করে এমনই হুঁশিয়ারি দিয়েছেন নারায়ণগঞ্জের সাংবাদিক নেতারা।
সোমবার (১৬ নভেম্বর) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের ফতুল্লা বাসস্ট্যান্ড এলাকায় প্রেস ক্লাব কার্যালয়ের সামনে আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা পুলিশের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন। ফতুল্লা প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সমাবেশে বক্তব্য দেন ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল ইসলাম নুরু, নিউজ টোয়েন্টিফোরের জেলা প্রতিনিধি শরিফ সুমন, আনন্দ টিভির জেলা প্রতিনিধি ও নারায়ণগঞ্জ সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ লিংকন আহমেদ এবং দৈনিক যুগের চিন্তার সাংবাদিক ফরিদ আহম্মেদ বাঁধন।
সমাবেশে বক্তারা সরাসরি প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, চিহ্নিত সন্ত্রাসীরা রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় থেকে প্রকাশ্যে অস্ত্রের মহড়া দিচ্ছে, আর পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আশ্রয়দাতাদের পরিচয় সাংবাদিকদের জানা রয়েছে উল্লেখ করে নেতারা বলেন, আপাতত কারও নাম প্রকাশ করা না হলেও প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে সংশ্লিষ্টদের মুখোশ ও অতীত কর্মকাণ্ড জনসম্মুখে উন্মোচন করা হবে।
এর আগে গত শুক্রবার (১৩ নভেম্বর) রাতে ফতুল্লার সস্তাপুর গাবতলী এলাকার একটি মাজারের ভেতরে নিজ কার্যালয়ে স্থানীয় একটি বিষয় নিয়ে সালিশে অংশ নেন সাংবাদিক আল আমিন প্রধান। অভিযোগ রয়েছে, সালিশ চলাকালে স্থানীয়ভাবে মাদক কারবারি হিসেবে পরিচিত মাসুমসহ ৫ থেকে ৭ জন সেখানে উপস্থিত হয়ে স্থানীয় এক বিএনপি নেতার নাম ভাঙিয়ে এক যুবককে টেনেহিঁচড়ে তুলে নেওয়ার চেষ্টা করেন। এতে আল আমিন প্রধান বাধা দিলে সন্ত্রাসীরা তাঁর ওপর চড়াও হয়। পরে স্থানীয়দের প্রতিরোধ ও পুলিশ আসার খবরে তারা পালিয়ে যায়।
ওই ঘটনার জেরে পরদিন শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মাসুমের নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি সশস্ত্র দল রামদা ও চাপাতি নিয়ে আল আমিন প্রধানের বাড়ির সামনে অবস্থান নেয়। এ সময় বাসায় ঘুমন্ত অবস্থায় থাকা আল আমিন প্রধানকে মুঠোফোনে বিষয়টি জানান স্থানীয়রা। সন্ত্রাসীরা বাড়ির সামনে তাঁর নাম ধরে ডাকাডাকি করে এবং যেখানে পাওয়া যাবে সেখানেই হত্যা করা হবে বলে হুমকি দিয়ে চলে যায়।
এ ঘটনায় আল আমিন প্রধান ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলমকে বিষয়টি অবহিত করেন এবং নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। কিন্তু জিডি করার পরও পুলিশ দৃশ্যমান কোনো পদক্ষেপ না নেওয়ায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের মধ্যে তীব্র উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক উজ্জীবিত বাংলাদেশের ভারপ্রাপ্ত সম্পাদক ও দৈনিক আমার দেশের সদর উপজেলা প্রতিনিধি কবিরুল ইসলাম, মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সদস্য জাহাঙ্গীর হোসেন, মোহনা টিভির জেলা প্রতিনিধি আজমির, ফতুল্লা প্রেস ক্লাবের সহসভাপতি পিয়ার চাঁন ও সেলিম মুন্সি, ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের সভাপতি রফিকুল্লাহ রিপন, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সোহেল আহমেদ, আওয়ার নারায়ণগঞ্জ টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক মামুনুর রশিদ মুন্না, বিপি নিউজের মেহেদী মঞ্জুর বকুল, নারায়ণগঞ্জের কাগজ ডটকমের সম্পাদক রাকিব চৌধুরী শিশির,
সাংবাদিক মেহেদী হাসান রাসেল, সাব্বির আহমেদ হৃদয়, মনি ইসলাম, মোস্তাক আহমেদ সুমন,সুমী সিদ্দিকী, সেলিম হোসেন, শাকিল আহমেদ ডিয়েল, আরিফ, সোহেলসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা।