আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরীর নির্দেশে এক বিশাল বিক্ষোভ মিছিল করেছে ফতুল্লা ১, ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে ফতুল্লা ১, ২ ও ৩ নং ওয়ার্ড এলাকা জুড়ে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ ও সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন সিকদার, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রেশাদ আহমেদ রাসেল, সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত, ২ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আল মামুন, যুগ্ম সম্পাদক মাসুম আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসানসহ থানা ও ওয়ার্ড বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী।
ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন সিকদার বলেন, আওয়ামী লীগ বিগত দিনগুলোতে যে সন্ত্রাস, নৈরাজ্য ও অপশাসন চালিয়েছে, তার বিরুদ্ধে আজ জনগণ ঐক্যবদ্ধ। কোনো ধরনের চক্রান্ত বা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করা হলে রাজপথেই তার কড়া জবাব দেওয়া হবে। ফতুল্লা থানা বিএনপি ও অঙ্গসংগঠনের প্রতিটি নেতা-কর্মী সবসময় প্রস্তুত রয়েছে।
ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ বলেন, ফতুল্লা ১, ২ ও ৩ নং ওয়ার্ড বিএনপি সবসময় জনগণের গণতান্ত্রিক অধিকার রক্ষায় রাজপথে সোচ্চার রয়েছে। আওয়ামী সন্ত্রাসীদের সব ধরনের অপতৎপরতা প্রতিহত করতে রিয়াদ মোহাম্মদ চৌধুরীর নেতৃত্বে আমাদের এই আন্দোলন ও প্রতিরোধ মিছিল অব্যাহত থাকবে।
বিক্ষোভ মিছিলে নেতাকর্মীরা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখার পক্ষে বিভিন্ন স্লোগান দেন।
