নারায়ণগঞ্জের সাইনবোর্ড শান্তিধারা এলাকায় এক যুবকের হাতে কালো কভারযুক্ত পিস্তলসদৃশ বস্তু নাড়ানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক হাতে মোবাইল ফোনে কথা বলছেন ওই যুবক, আর অন্য হাতে কালো কভারযুক্ত পিস্তলসদৃশ একটি বস্তু নিয়ে নাড়াচাড়া করছেন।
ভাইরাল ভিডিওর ওই যুবকের নাম শান্ত বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তিনি সাইনবোর্ড শান্তিধারা ১ নম্বর রোড এলাকার ভাঙারি ব্যবসায়ী রাজ্জাকের ছেলে। স্থানীয় ছাত্রদল নেতা রায়হান তার ভাই বলে জানা গেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শান্ত দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলেও দাবি করেছেন তারা। মামলার পরও তাকে প্রকাশ্যে এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায় বলে অভিযোগ স্থানীয়দের।
তাদের ভাষ্য, শান্তকে ঘিরে এলাকায় আগে থেকেই এক ধরনের আতঙ্ক রয়েছে। নতুন করে পিস্তলসদৃশ বস্তু হাতে তার ভিডিও ছড়িয়ে পড়ায় সেই আতঙ্ক আরও বেড়েছে। স্থানীয়দের অভিযোগ, পুলিশের নজরদারির বাইরে থাকার সুযোগে তিনি এলাকায় অবাধে চলাফেরা করছেন।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে শান্তর হাতে থাকা কালো কভারযুক্ত বস্তুটি প্রকৃত আগ্নেয়াস্ত্র কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাছিনুজ্জামান বলেন, শান্তর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তার বিরুদ্ধে ওয়ারেন্টও আছে। তাকে দীর্ঘদিন ধরে খোঁজা হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিও তার নজরে এসেছে।
পুলিশের এই বক্তব্যের পর ভাইরাল ভিডিওটি ঘিরে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে, একাধিক মামলার আসামি ও ওয়ারেন্টভুক্ত একজন ব্যক্তি কীভাবে প্রকাশ্যে এলাকায় চলাফেরা করছেন এবং তার হাতে পিস্তলসদৃশ বস্তু নিয়ে ভিডিও ধারণ ও প্রচার পর্যন্ত সম্ভব হলো?