নেত্রকোনার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক ইদ্রিস শেখের নিজ উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছ বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
বাদে পোগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়। স্কুল ছুটির পর বিকেল ৫টার দিকে কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীরা। এছাড়াও পোগলা ইউনিয়নের ২৬টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা কর্মসূচিতে উপস্থিত ছিলেন।
কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন বিদ্যালয়ে বৃক্ষরোপণ করা হয় এবং বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত থাকবে পাশাপাশি বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানেও বিভিন্ন প্রজাতির গাছ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ২৬টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের মধ্যেও এসব গাছের চারা বিতরণ করা হয়। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও বৃক্ষরোপণের জন্য গাছ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
ইদ্রিস শেখের নিজ উদ্যোগে ইউনিয়নের অভ্যন্তরে পর্যায়ক্রমে তিন থেকে চার হাজার বৃক্ষ ও চারা গাছ বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা গেছে। এছাড়াও তিনি নিজ উদ্যোগে ইউনিয়নের অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে বিভিন্নভাবে সেবা করে যাচ্ছেন বলে জানা যায়।
ইদ্রিস শেখের বক্তব্য অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগ এবং ডেপুটি স্পিকার এমপি, ব্যারিস্টার কায়সার কামালের অনুমতিক্রমে তিনি এই বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছেন। এরই ধারাবাহিকতায় পোগলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গাছ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছেন তিনি।
তিনি বলেন, সমাজের দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন সমস্যা সমাধান এবং শিক্ষা, যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে কাজ করতে চান তিনি। চেয়ারম্যান পদে নির্বাচিত হলে পোগলা ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
এদিকে কর্মসূচিতে উপস্থিত শিক্ষক-শিক্ষিকারা এ উদ্যোগের প্রশংসা করেন। তাঁদের বক্তব্যে উঠে আসে, শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বাড়ানোর পাশাপাশি ইউনিয়নের বিভিন্ন এলাকায় সবুজ পরিবেশ গড়ে তোলার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
স্থানীয়ভাবে সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত ইদ্রিস শেখকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবেও আলোচনা করা হচ্ছে।