নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় এক সাংবাদিককে অপহরণ, মারধর ও ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় বারহাট্টা উপজেলার তিন ব্যক্তির বিরুদ্ধে কলমাকান্দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ১১ জুন গভীর রাতে কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের শুনই মুজিবনগর বাজার সড়ক দিয়ে বাড়ি ফিরছিলেন সাংবাদিক ও সমাজকর্মী বদরুজ্জামান টিটু। রাত আনুমানিক ১টার দিকে কয়েকজন ব্যক্তি তার পথরোধ করে। পরে তাকে জোরপূর্বক একটি সিএনজিচালিত অটোরিকশায় তুলে নির্জন স্থানে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, সেখানে তাকে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে মুখ ও গলায় কাপড় চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করা হয়, ফলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। এছাড়া তার শরীরের বিভিন্ন স্থানে কামড় দেওয়া হয় এবং লোহার রড দিয়ে হাঁটুতে আঘাত করা হয় বলে অভিযোগ রয়েছে।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা তার ব্যবহৃত একটি আইফোন, একটি অপো মোবাইল ফোন এবং নগদ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয় পথচারীরা তাকে উদ্ধার করে শুনই বাজারে নিয়ে আসেন।
খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসা গ্রহণের পর তিনি অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
লিখিত অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মাদক ব্যবসা, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগও আনা হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মন্তব্য প্রদান করুন...