নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানাধীন বক্তাবলী ইউনিয়নের ১নং ওয়ার্ডে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত সংবর্ধনা ও মতবিনিময় সভাকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে আলোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। অনুষ্ঠানে রামনগরের এলাকার আওয়ামী লীগের দোসর আল আমিন ইকবালকে বিশেষ অতিথি হিসেবে অন্তর্ভুক্ত করায় স্থানীয়দের একটি অংশের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, আগামী শুক্রবার বাদ মাগরিব পূর্ব গোপালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এনসিপি বক্তাবলী ইউনিয়ন ১নং ওয়ার্ডের উদ্যোগে এ সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।
আয়োজকদের প্রকাশিত তালিকা অনুযায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাহ আল-আমিনের। এছাড়া উপস্থিত থাকার কথা রয়েছে যুবাইর সরদার, মো. শওকত আলী, নিরব রায়হান, জাবেদ আলমসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাদের। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বক্তাবলী ১নং ওয়ার্ডের সাবেক মেম্বার মনির হোসেন।
স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, বিশেষ অতিথি হিসেবে অন্তর্ভুক্ত আল আমিন ইকবাল অতীতে বিভিন্ন রাজনৈতিক পক্ষের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রেখে সুবিধা নিয়েছেন। তাদের আরও অভিযোগ, জাতীয় সংসদ নির্বাচনে আল আমিন ইকবাল হাতী মার্কার প্রার্থী মোহাম্মদ আলীর পক্ষে কাজ করেছে। এমপির অনুষ্ঠানে আওয়ামী দোসর আল আমিন ইকবালকে বিশেষ অতিথি করায় তীব্র সমালোচনা চলছে এলাকাবাসীর মধ্যে।