বরগুনার আমতলীতে হত্যা ও চাঁদাবাজিসহ আট মামলার আসামি আবুল কালাম আজাদ ওরফে ‘নয়া’কে গ্রেপ্তার করেছে পুলিশ। র্যাবের সহায়তায় রোববার (২৩ আগস্ট) রাত ১১টা ১০ মিনিটের দিকে বরিশাল নগরীর কাউনিয়া থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বরগুনা জেলা পুলিশ সুপার মো. কুদরত-ই-খুদা, পিপিএম-সেবার নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে জেলার বিভিন্ন এলাকায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ দমনে ধারাবাহিক অভিযান চলছে। এরই অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আবুল কালাম আজাদ ওরফে ‘নয়া’র অবস্থান শনাক্ত করা হয়।
পরে র্যাবের সহায়তায় পুলিশের একটি দল বরিশালের কাউনিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
আমতলী থানা পুলিশ জানিয়েছে, আবুল কালাম আজাদ ওরফে ‘নয়া’ হত্যা ও চাঁদাবাজিসহ মোট আটটি মামলার আসামি। দীর্ঘদিন ধরে তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারিতে ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইয়াকুব হোসেন বলেন, “মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধী যতই প্রভাবশালী হোক না কেন, তাকে আইনের আওতায় এনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বরগুনা জেলা পুলিশ জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অপরাধের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।