বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম

রাস্তা যেন মরণফাঁদ: পাগলা নন্দলালপুর রেলক্রসিং সড়কে লাখো মানুষের কান্না

রাহাদ হোসেন, নারায়ণগঞ্জ / ১৮৬ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২০ জুন ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন

নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের পাগলা নন্দলালপুর রেলক্রসিং সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়কটি এখন স্থানীয় বাসিন্দাদের জন্য চরম ভোগান্তি ও মরণফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল দশায় থাকা এই সড়কটি দিয়ে প্রতিদিন চলাচলকারী লক্ষাধিক মানুষ প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

খানাখন্দে বেহাল দশা, সামান্য বৃষ্টিতেই ডোবা

সরেজমিনে দেখা যায়, সড়কটির বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত ও খানাখন্দ। সামান্য বৃষ্টি হলেই এসব গর্তে পানি জমে ছোটখাটো ডোবায় রূপ নেয়। কাদা-পানিতে একাকার হয়ে যাওয়া এই রাস্তায় সাধারণ মানুষকে অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্থানীয় পোশাক কারখানার শ্রমিকসহ সর্বস্তরের মানুষ বাধ্য হয়েই নোংরা পানি মাড়িয়ে যাতায়াত করছেন।

গেটম্যানহীন রেলক্রসিং, বাড়ছে দুর্ঘটনা

জনবহুল এই রাস্তার অন্যতম বিপজ্জনক পয়েন্ট হলো এর রেলক্রসিংটি, যেখানে নেই কোনো গেটম্যান। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকায় এখানে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এছাড়া রাস্তার খানাখন্দে আটকে গিয়ে প্রায়ই রিকশা, ইজিবাইক ও অটোরিকশা উল্টে যাত্রীরা আহত হচ্ছেন। সড়কটির এই বেহাল দশার কারণে ফায়ার সার্ভিস বা অ্যাম্বুলেন্সের মতো জরুরি সেবার যানবাহন চলাচলেও চরম প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে।

স্থানীয়দের ক্ষোভ: ভুক্তভোগী স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমাদের দুর্ভোগ দেখার কেউ নেই। এখানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি দ্রুত কোনো সুব্যবস্থা না নেয়, তবে এই জনদুর্ভোগ কখনোই শেষ হবে না।”

জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দের আশ্বাস

দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়ে কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু বলেন:

“রাস্তাটি বর্তমানে মানুষের চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। এলাকাবাসীর কষ্টের কথা বিবেচনা করে এটি দ্রুত মেরামত করা জরুরি। আমি অতি দ্রুত উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) সাথে কথা বলব, যাতে রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। একই সাথে রেলওয়ে কর্তৃপক্ষ যেন দ্রুত এখানে গেটম্যান ও স্থায়ী রেলক্রসিংয়ের ব্যবস্থা করে, সে বিষয়েও তাগিদ দেওয়া হবে।”

ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু এ বিষয়ে বলেন:

“সড়কটির বেহাল দশা এবং রেলক্রসিংয়ের অনিরাপদ অবস্থা জনজীবনে চরম ভোগান্তি সৃষ্টি করেছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি যেন দ্রুত এই সড়কটি চলাচলের উপযোগী করে তোলা হয়। আমি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, আশা করছি দ্রুতই এর সমাধান হবে। এ ক্ষেত্রে গণমাধ্যমকর্মীরা বিষয়টি আরও জোরালোভাবে তুলে ধরলে জনদুর্ভোগ নিরসন অচিরেই সম্ভব হবে।”

স্থানীয় ভুক্তভোগী জনসাধারণের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন কেবল আশ্বাসের মধ্যে সীমাবদ্ধ না থেকে অনতিবিলম্বে সড়কটি সংস্কার ও রেলক্রসিংয়ে গেটম্যান নিয়োগের কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর