বরগুনার আমতলী উপজেলার কাউনিয়া গ্রামে অটোরিকশার ধাক্কায় এলমা আক্তার (৮) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় বরিশালে নেওয়ার পথে বিকেলে লেবুখালী এলাকায় শিশুটির মৃত্যু হয়।
নিহত এলমা আক্তার উপজেলার মহিষডাঙ্গা গ্রামের জসিম মিয়ার মেয়ে। তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে ঢাকায় বসবাস করেন। পূজার ছুটিতে স্ত্রী-কন্যাকে নিয়ে তিনি আমতলী উপজেলার কাউনিয়া গ্রামে শ্বশুর আজিজ ফরাজীর বাড়িতে বেড়াতে আসেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে এলমা রাস্তার পাশে দাঁড়িয়ে চকলেট খাচ্ছিল। এ সময় পেছন দিক থেকে একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে এলমা গুরুতর আহত হয়। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. স্বর্ণা প্রাথমিক চিকিৎসা দিয়ে শিশুটিকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে বরিশালে নেওয়ার পথে লেবুখালী এলাকায় শুক্রবার বিকেলে এলমার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর অটোরিকশাচালক বাদল ফকির ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। পরে শিশুটির মরদেহ পরিবারের সদস্যরা বাড়িতে নিয়ে যান।
নিহত শিশুর মামা মোফাজ্জেল হোসেন বলেন, “এলমাকে বরিশালে নেওয়ার পথে লেবুখালী এলাকায় তার মৃত্যু হয়েছে।
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, বিষয়টি জেনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।