ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে কর্মসূচিতে ফতুল্লার এলাকার বিভিন্ন স্থানে জমে থাকা পানি ও ময়লা-আবর্জনা পরিষ্কারের পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় মশার প্রজননস্থল ধ্বংস এবং বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিনসহ যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
এ সময় হাসান মাহমুদ পলাশ বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগের ওপর নির্ভর করলে হবে না। প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। বাড়ি ও আশপাশে যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে নজর দিতে হবে। পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সামাজিকভাবে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
জাকির হোসেন রবিন বলেন, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। মশার প্রজননস্থল ধ্বংস করতে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালাতে হবে। স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মানুষের পাশে থেকে এ ধরনের জনসচেতনতামূলক ও পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখবে।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে স্থানীয় বাসিন্দাদের সচেতন হওয়ার পাশাপাশি নিজেদের বাড়ি, আঙিনা, রাস্তা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার আহ্বান জানান তারা।