নারায়ণগঞ্জের বন্দরে হাত বাঁধা অবস্থায় সৈয়দ হোসেন পিয়াল (২৪) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ জুলাই) সন্ধ্যায় বন্দর থানার একরামপুর সিএসডি গেট এলাকার একটি বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।নিহত পিয়াল বন্দর উপজেলার একরামপুর এলাকার আবুল হোসেনের ছেলে।
নিহতের বাবা আবুল হোসেন জানান, রাত প্রায় ৩টার দিকে বিশ্বকাপ ফুটবল খেলা দেখে পিয়াল নিজ কক্ষে ঘুমাতে যান। সারাদিন কোনো সাড়া-শব্দ না পেয়ে পরিবারের সদস্যরা ঘরের পেছনের ছোট জানালা দিয়ে তাকিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পুলিশে খবর দেওয়া হলে পুলিশ এসে দরজা ভেঙে হাত বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে।
ঘটনাস্থলে দায়িত্ব পালনকারী বন্দর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আরিফ পাঠান জানান, প্রাথমিকভাবে ঘটনাটি হত্যাকাণ্ড বলে সন্দেহ করা হচ্ছে। তিনি বলেন, ঘরের দরজা ভেতর থেকে বন্ধ থাকলেও পেছনের একটি ছোট জানালা খোলা ছিল এবং সেটি দিয়ে একজন মানুষের যাতায়াত সম্ভব। এছাড়া মরদেহের দুই হাত বাঁধা ছিল, যা ঘটনাটিকে সন্দেহজনক করে তুলেছে।
তিনি আরও জানান, মরদেহের ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।