নারায়ণগঞ্জের বন্দর থানাধীন শাহী মসজিদ এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে একটি সনাতন ধর্মাবলম্বী পরিবারের শতবর্ষী পৈত্রিক সম্পত্তি দখলের চেষ্টা ও গভীর রাতে মন্দিরে ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারের দাবি, পার্শ্ববর্তী একটি উচ্চ বিদ্যালয়ের ভেতর থেকে এই পরিকল্পিত হামলা চালানো হয়েছে।
ঘটনার বিবরণ দিয়ে ভুক্তভোগী রঞ্জিত চন্দ্র দাস (৫৪) গত শুক্রবার (২৬ জুন) রাতে ঘটে যাওয়া এই ন্যাক্কারজনক ঘটনার বিচার চেয়ে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, শাহী মসজিদ এলাকায় রঞ্জিত চন্দ্র দাস ও তার বড় ভাই মানিক চন্দ্র দাস তাদের শরিকদের নিয়ে প্রায় ৭ শতাংশ বসতভিটা এবং ২৪ শতাংশ পুকুরসহ মোট ৩১ শতাংশ পৈত্রিক জমিতে ১০০ বছরেরও বেশি সময় ধরে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছেন। দীর্ঘদিন ধরে এই মূল্যবান জমিটি নিয়ে একটি পক্ষের সাথে তাদের বিরোধ চলছিল। এই বিষয়ে ভুক্তভোগী পরিবারের পক্ষে উচ্চ ও নিম্ন আদালতের স্থিতাবস্থার আদেশ রয়েছে।
আদালতের নির্দেশনা অনুযায়ী নিজেদের অধিকার রক্ষায় তারা ওই জমিতে একটি আইনি সাইনবোর্ড স্থাপন করেছিলেন। কিন্তু অভিযোগ রয়েছে, প্রায় তিন মাস আগে অজ্ঞাতপরিচয় কিছু দুষ্কৃতকারী জোরপূর্বক সেই সাইনবোর্ডটি উপড়ে ফেলে নিয়ে যায়।
লিখিত অভিযোগে প্রকাশ, গত শুক্রবার আনুমানিক রাত ১০টার দিকে মানিক চন্দ্র দাস যখন নিজের জমিতে অবস্থান করছিলেন, ঠিক তখনই পাশের ‘সিকদার আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়’-এর সীমানার ভেতর থেকে একদল অজ্ঞাতপরিচয় হামলাকারী তাদের পারিবারিক মন্দিরের বাউন্ডারি লক্ষ্য করে আকস্মিকভাবে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। রাতের অন্ধকারে এই অতর্কিত হামলায় পুরো পরিবার ও আশপাশের মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বিদ্যালয়ের নিরাপত্তাকর্মী আব্দুল খালেকের বরাতে ভুক্তভোগীরা জানান:
“ঘটনার সময় কয়েকজন উগ্র ব্যক্তি স্কুলের মূল ফটক খুলে দেওয়ার জন্য চাপ দেয়। গেট না খুললে তালা ভেঙে ফেলার হুমকি দিয়ে তারা জোরপূর্বক বিদ্যালয়ের ভেতরে প্রবেশ করে এবং এই হামলা চালায়।”
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, হামলাকারীরা অত্যন্ত প্রভাবশালী এবং আইন অমান্যকারী প্রকৃতির হওয়ায় বর্তমানে তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। ঘটনার পর পরই আত্মীয়স্বজন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে পরামর্শ করে তারা আইনি পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন।
এ বিষয়ে বন্দর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শাহী মসজিদ এলাকার জমি সংক্রান্ত বিরোধ ও রাতে মন্দিরে ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় একটি লিখিত অভিযোগ জমা পড়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে ঘটনার সত্যতা ও জড়িতদের পরিচয় নিশ্চিত হওয়া মাত্রই আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।