নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নে আর্থিক লেনদেনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এক বৃদ্ধের মৃত্যুর পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে হত্যা মামলা দায়ের করেছে পুলিশ এবং মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে।
নিহত আব্দুল মোতালিব (৬৪) বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর কুলচরিত্র এলাকার বাসিন্দা। শুক্রবার (২৬ জুন) ভোরে সংঘটিত এ ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরিবার সূত্রে জানা যায়, প্রায় এক বছর আগে সুতার ব্যবসায় বিনিয়োগের উদ্দেশ্যে স্থানীয় ব্যবসায়ী মহিউদ্দিনের কাছে ১২ লাখ ১৩ হাজার টাকা দেন আব্দুল মোতালিব। দীর্ঘ সময় পার হলেও অর্থ ফেরত না পাওয়ায় উভয় পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়। বিষয়টি সমাধানের জন্য গত ১২ জুন স্থানীয়ভাবে একটি সালিশ বৈঠকও অনুষ্ঠিত হয়েছিল বলে জানা গেছে।
অভিযোগ রয়েছে, শুক্রবার সকালে পাওনা অর্থের বিষয়ে কথা বলতে গেলে স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেনের সঙ্গে আব্দুল মোতালিবের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তাকে শারীরিকভাবে আঘাত করা হলে তিনি ঘটনাস্থলেই অসুস্থ হয়ে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে এবং পরবর্তীতে খানপুর ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ছেলে পিয়াল হাসান বাদী হয়ে শুক্রবার রাতে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলায় মহিউদ্দিন, ইউপি সদস্য আনোয়ার হোসেন ও মোহাম্মদ আলীকে আসামি করা হয়েছে। মামলাটি দণ্ডবিধির ৩০২, ৪০৬, ৩৪ ও ১১৪ ধারায় নথিভুক্ত করা হয়েছে।
মুছাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জুর আলম বলেন, কোনো জনপ্রতিনিধির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে আইনগত প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে।
কামতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. তৈয়বুর রহমান জানান, ঘটনার তদন্তের স্বার্থে একজনকে হেফাজতে নেওয়া হয়েছে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, মামলার প্রধান আসামি মহিউদ্দিনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।