ক্ষমতার পটপরিবর্তনের পরও নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ফতুল্লার রামারবাগ এলাকার আওয়ামী লীগ নেতা আঃ রাজ্জাককে প্রকাশ্যে চলাফেরা করতে দেখা যাচ্ছে, এমন অভিযোগকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা, ক্ষোভ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ অভিযান চলমান থাকলেও আলোচিত ও বিতর্কিত ব্যক্তিদের বিরুদ্ধে দৃশ্যমান পদক্ষেপ না থাকায় সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।
স্থানীয় সূত্রগুলোর দাবি, দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার বলয়ে থেকে এলাকায় প্রভাব বিস্তার করে আসছিলেন রাজ্জাক। স্থানীয়দের একাংশের অভিযোগ, অতীতে রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে এলাকায় একধরনের নিয়ন্ত্রণমূলক অবস্থান গড়ে তোলা হয়েছিল, যার প্রভাব এখনো পুরোপুরি শেষ হয়নি।
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে দেশব্যাপী এবং নারায়ণগঞ্জ জেলাজুড়ে সম্ভাব্য নাশকতা প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। একই সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে দায়ের হওয়া বিভিন্ন মামলার এজাহারভুক্ত আসামিদের বিরুদ্ধে অভিযানও চলছে বলে জানা গেছে। এমন পরিস্থিতিতে স্থানীয়দের প্রশ্ন যাদের বিরুদ্ধে জনপরিসরে বিভিন্ন অভিযোগ ও রাজনৈতিক সংশ্লিষ্টতার আলোচনা রয়েছে, তারা কীভাবে প্রকাশ্যে চলাফেরা করছেন?
রামারবাগ এলাকার কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, রাজনৈতিক বাস্তবতায় পরিবর্তনের পর মানুষ একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও বৈষম্যহীন পরিবেশ প্রত্যাশা করেছিল। কিন্তু বিতর্কিত হিসেবে আলোচিত ব্যক্তিদের প্রকাশ্য উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে অস্বস্তি ও হতাশার জন্ম দিচ্ছে। তাদের ভাষ্য, আইন প্রয়োগের ক্ষেত্রে যদি সবার জন্য সমান নীতি কার্যকর না হয়, তাহলে জনআস্থায় নেতিবাচক প্রভাব পড়তে পারে।
স্থানীয়দের আরও দাবি, প্রশাসনের উচিত বিষয়টি নিয়ে তথ্যভিত্তিক অনুসন্ধান পরিচালনা করা এবং যদি কারও বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ, মামলা বা আইনগত ভিত্তি থাকে, তবে প্রচলিত আইনের আওতায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা।