নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে নবনির্মিত চারতলা বিশিষ্ট ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষাখাতের উন্নয়ন, শিক্ষক কল্যাণ ও ভবিষ্যৎ বাজেট পরিকল্পনা নিয়ে একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন।
শনিবার (১৩ জুন) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষক কল্যাণ ট্রাস্ট ও উৎসব ভাতার তহবিল থেকে অতীতে প্রায় ৭ হাজার কোটি টাকা আত্মসাতের কারণে বহু শিক্ষক তাদের ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত হয়েছেন। বিশেষ করে ২০২২ সালের পর অবসর গ্রহণ করা অনেক শিক্ষক দীর্ঘ সময় ধরে প্রাপ্য অর্থ না পাওয়ার সমস্যায় পড়েছেন।
তিনি জানান, বর্তমানে বকেয়া সুবিধা না পাওয়া প্রায় ৬৫ হাজার শিক্ষককে চলতি বছরের জুলাই মাসের শেষ সপ্তাহ থেকে পর্যায়ক্রমে অর্থ প্রদান কার্যক্রম শুরু করা হবে। প্রথম ধাপে প্রত্যেক শিক্ষককে ন্যূনতম এক লাখ টাকা করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে এবং পর্যায়ক্রমে সব বকেয়া পরিশোধ করা হবে।
শিক্ষাখাতে সরকারের অগ্রাধিকার তুলে ধরে মন্ত্রী বলেন, চলতি বাজেটে শিক্ষা খাতে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা দেশের ইতিহাসে অন্যতম বড় বরাদ্দ। পাশাপাশি ভবিষ্যতে জাতীয় আয়ের অনুপাতে শিক্ষাখাতে ব্যয় বাড়িয়ে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশে উন্নীত করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।
শিক্ষকদের জন্য আরও একটি ইতিবাচক উদ্যোগের কথা জানিয়ে তিনি বলেন, বর্তমানে ৫০ শতাংশ হারে দেওয়া উৎসব ভাতা ধাপে ধাপে শতভাগে উন্নীত করার বিষয়ে সরকার কাজ করছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিদ্যালয়ের সাবেক সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক অমল পোদ্দার–এর অর্থায়ন ও পৃষ্ঠপোষকতায় নির্মিত ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শিক্ষার্থীদের জন্য আধুনিক শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ড. নুসরাত ফাতেমা–এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ বি এম আশরাফ উদ্দীন নিজাম এবং আজহারুল ইসলাম মান্নান।
এ সময় আরও উপস্থিত ছিলেন মো. রায়হান কবির, মিজানুর রহমান মুন্সি, আসিফ আল জিনাত, তৌফিকুর রহমান, গোলাম সারোয়ার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, সাদীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান ভূঁইয়া মাসুম এবং সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আপনার মন্তব্য প্রদান করুন...