মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু রাইয়ানের পাশে দাঁড়িয়েছে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন। শিশুটির চলাচলের সুবিধা ও দৈনন্দিন জীবনযাত্রার স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে একটি হুইলচেয়ার উপহার দেওয়া হয়েছে।
হুইলচেয়ার হস্তান্তরকালে শিশু রাইয়ানের সঙ্গে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সময় কাটান নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন। এ সময় উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পবিত্র চন্দ্র মন্ডল উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের উদ্যোগ সমাজের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধের প্রতিফলন। প্রতিবন্ধিতা কোনো শিশুর স্বপ্ন, সম্ভাবনা কিংবা স্বাভাবিকভাবে বেড়ে ওঠার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে না, প্রয়োজন কেবল যথাযথ সহযোগিতা, সহমর্মিতা এবং একটি অন্তর্ভুক্তিমূলক পরিবেশ।
প্রশাসনের কর্মকর্তারা আরও উল্লেখ করেন, সমাজের পিছিয়ে পড়া ও বিশেষ চাহিদাসম্পন্ন মানুষের কল্যাণে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ জরুরি। প্রত্যেক শিশুর জন্য মর্যাদাপূর্ণ জীবন, সমান সুযোগ এবং সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করাই সবার সম্মিলিত অঙ্গীকার হওয়া উচিত। মানবিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।