নগরীর মন্ডলপাড়া এলাকায় অবস্থিত গণবিদ্যা নিকেতনের অধীনে পরিচালিত উন্মুক্ত শিক্ষা কার্যক্রম নিয়ে নানা অনিয়ম ও শিক্ষাব্যবস্থার মানহানির অভিযোগ উঠেছে। এসব অভিযোগের কেন্দ্রে রয়েছেন প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মঈনউদ্দিন ও সহকারী প্রধান শিক্ষক মো. দেলোয়ার হোসেন। বিষয়টি নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অসন্তোষ বাড়ছে।
অভিযোগ রয়েছে, উন্মুক্ত শিক্ষা কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত মূল শিক্ষক ফাতেমা উর্মীকে কার্যত পাঠদান কার্যক্রম থেকে দূরে রেখে দীর্ঘদিন ধরে অন্যদের মাধ্যমে ক্লাস পরিচালনা করা হচ্ছে। অথচ আনুষ্ঠানিক কাগজপত্র ও বেতন সংক্রান্ত নথিতে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক হিসেবে তার নামই ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন সংশ্লিষ্টরা।
অনুসন্ধানে আরও জানা যায়, শিক্ষা কার্যক্রম পরিচালনার বিভিন্ন প্রশাসনিক কাজেও অনিয়মের অভিযোগ রয়েছে। অভিযোগকারীদের দাবি, শিক্ষক নয় এমন একজন কর্মচারীকে দিয়ে ক্লাস রুটিন প্রস্তুত, বেতন সংক্রান্ত কাগজ তৈরি এবং অন্যান্য একাডেমিক কাজ করানো হয়েছে। এতে শিক্ষা কার্যক্রমের মান নিয়ে প্রশ্ন উঠেছে।
এদিকে এসব বিষয়ে অবগত হওয়ার পর দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ফাতেমা উর্মী আইনগত পদক্ষেপ নেন বলে জানা গেছে। অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি স্থানীয় থানায় গড়ায় এবং সংশ্লিষ্টদের কাছ থেকে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি না করার বিষয়ে লিখিত মুচলেকা নেওয়া হয়েছে বলে দাবি করা হয়েছে। একই ধরনের লিখিত অঙ্গীকার প্রতিষ্ঠানের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।
অন্যদিকে, বিদ্যালয়ের অভ্যন্তরীণ পরিবেশ নিয়েও উঠেছে নতুন অভিযোগ। একাধিক সূত্রের দাবি, ক্লাস চলাকালে প্রধান শিক্ষকের কক্ষে ব্যক্তিগত কোচিং কার্যক্রম পরিচালনা করা হয় এবং নির্ধারিত সময়ের আগেই দায়িত্বশীল কর্মকর্তাদের বিদ্যালয় ত্যাগের ঘটনাও ঘটে থাকে।
অভিভাবকদের অভিযোগ, শিক্ষা কার্যক্রমের চেয়ে আর্থিক বিষয়ে বেশি গুরুত্ব দেওয়ার ফলে শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা বলছেন, শিক্ষাপ্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য থেকে সরে গিয়ে যদি প্রশাসনিক ও আর্থিক অনিয়ম প্রাধান্য পায়, তাহলে শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।
এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এক পর্যায়ে প্রতিষ্ঠানটি পরিদর্শনের সময় শিক্ষার্থী সংখ্যা কমে যাওয়ার বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে সে বিষয়ে ব্যাখ্যাও নেওয়া হয়।
অভিভাবক ও সংশ্লিষ্ট মহলের দাবি, উত্থাপিত অভিযোগগুলো নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হোক। একই সঙ্গে শিক্ষার মান ও প্রতিষ্ঠানের সুনাম রক্ষায় দায়িত্বশীলদের দ্রুত হস্তক্ষেপ কামনা করা হয়েছে।
আপনার মন্তব্য প্রদান করুন...