নারায়ণগঞ্জের ফতুল্লার বিসিক শিল্পাঞ্চলে ফকির অ্যাপারেলসের ঝুট (ওয়েস্টিজ) বণ্টনকে কেন্দ্র করে এনায়েতনগর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের মধ্যে দীর্ঘদিনের অসন্তোষ এখন প্রকাশ্যে রূপ নিয়েছে। ইউনিয়ন বিএনপির নামে ঝুটের কার্যক্রম পরিচালিত হলেও এর আর্থিক সুবিধা গুটিকয়েক ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ রয়েছে বলে অভিযোগ উঠেছে। ঝুট বিক্রির অর্থের হিসাব, ওজন নির্ধারণ এবং বণ্টন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।
অভিযোগের তীর জেলা যুবদলের সদস্যসচিব মশিউর রহমান রনি, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট এস এম মাহমুদুল হক আলমগীর এবং বিসিক এলাকার ঝুট ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট জাহাঙ্গীর ওরফে বরিশাইল্লা জাহাঙ্গীরের দিকে।
সোমবার (২৩ নভেম্বর) সকালে এনায়েতনগর ইউনিয়নের ২ ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ফকির অ্যাপারেলসের সামনে জড়ো হয়ে ঝুটের সুষম বণ্টনের দাবি জানান। পরে তিন সদস্যের একটি প্রতিনিধি দল কারখানার ভেতরে গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। আলোচনা শেষে বেরিয়ে সাংবাদিকদের কাছে ঝুট বণ্টনে বৈষম্য ও দীর্ঘদিনের বঞ্চনার অভিযোগ তুলে ধরেন তারা।
স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, মশিউর রহমান রনির নির্দেশনা এবং অ্যাডভোকেট এস এম মাহমুদুল হক আলমগীরের নেতৃত্বাধীন একটি বলয়ের মাধ্যমে প্রতি ৪৫ দিন অন্তর ফকির অ্যাপারেলস থেকে দুই ট্রিপ ঝুট নামানো হয়। এসব ঝুটের বাজারমূল্য কোটি টাকার বেশি বলে দাবি সংশ্লিষ্টদের। তবে বিপুল অঙ্কের এই ব্যবসার আয়-ব্যয়ের স্বচ্ছ হিসাব এবং কারা কত টাকা পাচ্ছেন, তা নিয়ে রয়েছে নানা প্রশ্ন।
অভিযোগ রয়েছে, ঝুট সংগ্রহ ও বিক্রির মধ্যস্থতাকারী হিসেবে জাহাঙ্গীর ওরফে বরিশাইল্লা জাহাঙ্গীর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। প্রতি কেজি ঝুটে দুই টাকা করে অতিরিক্ত অর্থ নেওয়া, প্রকৃত বিক্রয়মূল্য গোপন করা এবং ওজন কম দেখানোর মাধ্যমে বিপুল পরিমাণ অর্থের হিসাবের বাইরে রাখার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।
অভিযোগকারীদের দাবি, প্রতি কেজি ঝুট ২০ টাকা দরে বিক্রি হলেও সংশ্লিষ্টদের কাছে ১৮ টাকা দরে বিক্রির হিসাব উপস্থাপন করা হয়। পাশাপাশি ওজনের ক্ষেত্রেও কারচুপি করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী, এক হাজার কেজি ঝুটের প্রকৃত ওজন নিক্তিতে কম দেখিয়ে প্রায় ৭০০ কেজি হিসেবে হিসাব করার অভিযোগ রয়েছে। এভাবে প্রতি ট্রিপে বিপুল পরিমাণ অর্থের হিসাব গোপন করা হচ্ছে বলে দাবি তাদের।
এমনকি ঝুট বিক্রির মোট অর্থের একটি বড় অংশ নির্দিষ্ট কয়েকজনের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে বলেও অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, রনি, আলমগীর ও জাহাঙ্গীরের ঘনিষ্ঠ বলয়ের বাইরে থাকা নেতাকর্মীরা ঝুট বিক্রির ন্যায্য অর্থ থেকে বঞ্চিত হচ্ছেন। তবে এসব অভিযোগের পক্ষে পূর্ণাঙ্গ হিসাবপত্র বা স্বাধীনভাবে যাচাই করা নথি পাওয়া যায়নি।
দীর্ঘ প্রায় আড়াই বছর ধরে ফকির অ্যাপারেলসের ঝুটের কার্যক্রম পরিচালিত হলেও দলের ত্যাগী, নির্যাতিত ও দীর্ঘদিনের নেতাকর্মীদের একটি বড় অংশ কোনো আর্থিক সুবিধা পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। অথচ নেতাকর্মীদের দাবি, ঝুটের আয় থেকে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ন্যায্যভাবে অর্থ বণ্টনের কথা থাকলেও বাস্তবে তা হচ্ছে না।
অভিযোগকারীদের আরও দাবি, দলীয় পদ-পদবি কিংবা সাংগঠনিক অবদানের ভিত্তিতে নয়, বরং নির্দিষ্ট ব্যক্তিদের সঙ্গে ব্যক্তিগত ঘনিষ্ঠতার ভিত্তিতে ঝুট বিক্রির অর্থ বণ্টন করা হচ্ছে। এমনকি কয়েকজন নেতার স্বজন ও ঘনিষ্ঠজনেরাও এ অর্থের ভাগ পাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। অথচ দীর্ঘদিন ধরে দলের জন্য ত্যাগ স্বীকার করা নেতাকর্মীরা রয়েছেন বঞ্চিত।
এ নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে প্রশ্ন উঠেছে, দলীয় পরিচয়ে পরিচালিত একটি অর্থনৈতিক কার্যক্রমের সুবিধা যদি নির্দিষ্ট কয়েকজনের মধ্যেই সীমাবদ্ধ থাকে, তাহলে সাধারণ নেতাকর্মীদের অধিকার কোথায়?
স্থানীয় সূত্রের দাবি, জাহাঙ্গীর ওরফে বরিশাইল্লা জাহাঙ্গীর দীর্ঘদিন ধরেই বিসিক শিল্পাঞ্চলের ঝুট ব্যবসার সঙ্গে জড়িত। আওয়ামী লীগ সরকারের আমলেও বিভিন্ন কারখানার ঝুট সংগ্রহ ও বিক্রির সঙ্গে তার সম্পৃক্ততা ছিল বলে অভিযোগ রয়েছে। এনআর গ্রুপের ঝুট ব্যবসা নিয়েও তার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ রয়েছে বলে স্থানীয়দের দাবি।
বর্তমানে ফকির অ্যাপারেলসের ঝুট বণ্টন কার্যক্রমেও তার প্রভাব নিয়ে প্রশ্ন তুলছেন নেতাকর্মীরা। তাদের অভিযোগ, ঝুটের প্রকৃত পরিমাণ, বিক্রয়মূল্য এবং অর্থের হিসাব নিয়ন্ত্রণের ক্ষেত্রে জাহাঙ্গীর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ফলে ঝুটের আয়-ব্যয়ের স্বচ্ছতা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
এনায়েতনগন ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক খোকা অভিযোগ করে বলেন, ফকির অ্যাপারেলসের ওয়েস্টিজ বণ্টন নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তোষ বিরাজ করছে। ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট আলমগীর হোসেন নেতাকর্মীদের মধ্যে সুষম বণ্টন নিশ্চিত করার প্রতিশ্রুতি দিলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
নেতাকর্মীদের দাবি, ফকির অ্যাপারেলস থেকে নামানো ঝুটের প্রকৃত পরিমাণ, বিক্রয়মূল্য, ওজন এবং আয়-ব্যয়ের পূর্ণাঙ্গ হিসাব প্রকাশ করতে হবে। একই সঙ্গে ঝুট বিক্রির অর্থের স্বচ্ছ বণ্টন নিশ্চিত করতে হবে, যাতে কোনো ব্যক্তি বা গোষ্ঠী এককভাবে সুবিধা ভোগ করতে না পারে।
দলীয় পরিচয়কে ব্যবহার করে কোনো ব্যবসায়িক কার্যক্রম পরিচালিত হলে তার আর্থিক হিসাবও দলীয় নেতাকর্মীদের কাছে স্বচ্ছ থাকা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সব মিলিয়ে ফকির অ্যাপারেলসের ঝুট বণ্টন নিয়ে এনায়েতনগর ইউনিয়ন বিএনপির অভ্যন্তরীণ অসন্তোষ এখন প্রকাশ্য বিরোধে রূপ নিচ্ছে। কোটি টাকার ঝুট ব্যবসার প্রকৃত হিসাব, ওজন ও বিক্রয়মূল্যে কারচুপির অভিযোগ এবং ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করার বিষয়গুলো নিরপেক্ষভাবে তদন্তের দাবি উঠেছে। এখন প্রশ্ন, ঝুট বণ্টনের এই আর্থিক হিসাব প্রকাশ্যে আসবে, নাকি অভিযোগের মধ্যেই আড়ালে থেকে যাবে কোটি টাকার লেনদেন?