শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
কলাপাড়ায় দুর্যোগ ঝুঁকি হ্রাস মেলার মাঠ ব্যবস্থাপনায় জাগোনারির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ বন্দরে ইটভাটা ব্যবসায়ী মোতালেব হত্যা, ৫ বছর পর ছয়জনের যাবজ্জীবন রাইয়ানের মুখে হাসি ফোটাল নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসন কলাপাড়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন আমতলীতে ঘর থেকে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ সারাদেশে ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন কলাপাড়ায় রাস পূর্ণিমা উপলক্ষে দুই দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব, হেলিপোর্ট মাঠে দর্শনার্থীদের মিলনমেলা বক্তাবলীর মানব পাচারকারী নয়ন ও জুয়েল! র‍্যাবের ভাইও রক্ষা পায়নি আমতলী থানার ইয়াকুব হোসাইন টানা তৃতীয়বার জেলার শ্রেষ্ঠ ওসি কলাপাড়ায় আগুন সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান এমপি মোশাররফের

নারায়ণগঞ্জ সদরের প্রতিটি ইউনিয়নে হচ্ছে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’

সোহেল আহমেদ / ৭৫ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

নারায়ণগঞ্জ সদর উপজেলার প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা, সৃজনশীলতা বৃদ্ধি এবং জ্ঞানভিত্তিক প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন।ক্লাইমেট রেজিলিয়েন্ট ক্যাম্পাস ইনিশিয়েটিভের আওতায় উপজেলার প্রতিটি ইউনিয়নে বিদ্যালয়ভিত্তিক ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’ প্রতিষ্ঠার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এ উদ্যোগের অংশ হিসেবে নারায়ণগঞ্জ সদর উপজেলার ৬১ নম্বর কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’ উদ্বোধন করা হয়েছে। পাঠাগারটির উদ্বোধন করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির।

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

এর আগে একই উদ্যোগের আওতায় ৬০ নম্বর গোয়ালবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়েও ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’ উদ্বোধন করা হয়। পর্যায়ক্রমে নারায়ণগঞ্জ সদর উপজেলার প্রতিটি ইউনিয়নের বিদ্যালয়ে এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে উপজেলা প্রশাসনের।

সংশ্লিষ্টদের মতে, বর্তমান সময়ে শিশু-কিশোরদের একটি বড় অংশ মোবাইল ফোন ও বিভিন্ন ডিজিটাল মাধ্যমে অধিক সময় ব্যয় করছে। ফলে পাঠ্যবইয়ের বাইরের জ্ঞান অর্জন, সৃজনশীল চিন্তা ও মননশীলতার বিকাশে বই পড়ার অভ্যাস গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিদ্যালয়ে পাঠাগার প্রতিষ্ঠার মাধ্যমে শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি আনন্দময় শিক্ষার পরিবেশ সৃষ্টি করা সম্ভব হবে।

‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’ শুধু বই পড়ার জায়গা নয়, বরং শিক্ষার্থীদের কৌতূহল, অনুসন্ধিৎসা, চিন্তাশক্তি ও মানবিক মূল্যবোধ বিকাশের একটি সহায়ক শিক্ষাঙ্গন হিসেবে গড়ে তোলার লক্ষ্য নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসনের এ পরিকল্পনা বাস্তবায়িত হলে প্রতিটি ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের পাশাপাশি গল্প, উপন্যাস, বিজ্ঞান, ইতিহাস ও জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বই পড়ার সুযোগ পাবে। এতে শিশুদের মধ্যে নিয়মিত বই পড়ার সংস্কৃতি গড়ে ওঠার পাশাপাশি প্রযুক্তিনির্ভরতার বাইরে জ্ঞানচর্চা ও সৃজনশীলতার নতুন দ্বার উন্মোচিত হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মকে জ্ঞান, মননশীলতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ করে গড়ে তোলার ক্ষেত্রে ‘স্বপ্নের সিঁড়ি পাঠাগার’ নারায়ণগঞ্জ সদর উপজেলায় একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর