নারায়ণগঞ্জ মহানগরীকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত একটি নিরাপদ জনপদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল নবগঠিত মহানগর কমিউনিটি পুলিশিং কমিটি। আজ রবিবার (১৯ জুলাই) জেলা পুলিশের উদ্যোগে কমিটির পরিচিতি ও এক বিশেষ ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।
‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই স্লোগানকে সামনে রেখে নাগরিক নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করতে ৩১ সদস্যের এই নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অ্যাডভোকেট মোঃ আবু আল ইউসুফ খান টিপু এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাসুদ রানা। এছাড়াও কমিটিকে দিকনির্দেশনা দিতে ১০ সদস্যের একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।

ওরিয়েন্টেশন সভায় বক্তারা নারায়ণগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপর জোর দেন। মহানগরী থেকে মূলত ৪টি বিষয় নির্মূলে বিশেষ গুরুত্ব দেওয়া হয়
১. তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে কিশোর গ্যাং এবং মাদকের সিন্ডিকেট পুরোপুরি উপড়ে ফেলা।
২. ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিতকারী যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দেওয়া।
৩. চুরি, ছিনতাই, দস্যুতা ও ডাকাতি প্রতিরোধে পাড়া-মহল্লায় নজরদারি বাড়ানো।
৪. অপরাধীদের অবস্থান ও অপরাধের ধরণ সম্পর্কে পুলিশকে সঠিক তথ্য ও উপাত্ত দিয়ে সরাসরি সহায়তা করা।

নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর সভাপতিত্বে এই সভাটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ নবগঠিত মহানগর কমিউনিটি পুলিশিং কমিটির সকল কর্মকর্তা ও সদস্য উপস্থিত ছিলেন।
সভায় উপস্থিত পুলিশ কর্মকর্তারা জানান, জনবান্ধব পুলিশিং ব্যবস্থার অংশ হিসেবে এই কমিটি শহরের অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ সেতু হিসেবে কাজ করবে। সর্বস্তরের মানুষকে সাথে নিয়ে একটি নিরাপদ নারায়ণগঞ্জ উপহার দেওয়াই এই কমিটির মূল লক্ষ্য।