মানবতার টানে শত শত কিলোমিটার দূরের বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়িয়েছে বরগুনার আমতলীবাসী। স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতা, ভালোবাসা ও মানবিক অংশগ্রহণে সংগৃহীত নগদ অর্থ এবং নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ও ঘরবাড়ি হারানো অসহায় পরিবারগুলোর হাতে।
শুক্রবার (১৭ জুলাই) দিনব্যাপী বাহারছড়া ইউনিয়নের বিভিন্ন দুর্গম এলাকায় পায়ে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে মানবিক সহায়তা তুলে দেন একদল তরুণ স্বেচ্ছাসেবী। তারা শুধু সহায়তা বিতরণই করেননি, ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেন, তাদের দুর্দশার কথা শোনেন এবং পাশে থাকার আশ্বাস দেন।

জানা গেছে, বরগুনার আমতলী উপজেলার চারটি সামাজিক সংগঠন— স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন, ছোনাউঠা হাওলাদার সমাজ কল্যাণ সংস্থা, সবুজ ছায়া সংগঠন এবং ছোনাউঠা চারের খাল সমাজ কল্যাণ সংস্থা-এর যৌথ উদ্যোগে এ মানবিক কর্মসূচি বাস্তবায়ন করা হয়। আমতলীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের আর্থিক সহযোগিতায় সংগৃহীত সহায়তা দুর্গত মানুষের হাতে পৌঁছে দেওয়া হয়।

মানবিক এ কার্যক্রমে অংশ নেন সমাজকর্মী মোসা. দিলরুবা রজনী, মো. রিয়াজুল ইসলাম, মো. জুবায়ের আহম্মেদ, সাজিদ রাব্বি, বায়েজিদ মীর ও শিহাব। দুর্গম পথ অতিক্রম করে তারা বাড়ি বাড়ি গিয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে সহায়তা তুলে দেন।
সুদূর বরগুনার আমতলী থেকে আসা এই ভালোবাসার উপহার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। তারা আমতলীবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, দুর্যোগের এই কঠিন সময়ে এমন সহমর্মিতা তাদের নতুন করে বেঁচে থাকার সাহস জুগিয়েছে।

কার্যক্রমে অংশ নেওয়া স্বেচ্ছাসেবীরা বলেন, “দুর্যোগে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মানুষের কষ্ট লাঘবে আমরা সবসময় কাজ করে যেতে চাই। ভবিষ্যতেও দেশের যেকোনো দুর্যোগ ও সংকটে একইভাবে মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।”
আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ বলেন, “আমতলীবাসীর অকুণ্ঠ সহযোগিতা, উদারতা ও ভালোবাসা ছাড়া এ উদ্যোগ সফল করা সম্ভব হতো না। যারা অর্থ, শ্রম ও সময় দিয়ে এই মানবিক কর্মসূচিকে সফল করেছেন, তাদের প্রত্যেকের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞ। মানবতার কল্যাণে ভবিষ্যতেও আমাদের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”

দুর্যোগের এই কঠিন সময়ে আমতলীবাসীর এ উদ্যোগ আবারও প্রমাণ করেছে—মানবতার কোনো সীমানা নেই। ভৌগোলিক দূরত্ব পেরিয়ে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়ে তারা সৃষ্টি করেছেন সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত। সংকটের সময়ে এমন সম্মিলিত উদ্যোগই বিপর্যস্ত মানুষের মনে জাগিয়ে তোলে নতুন আশা ও সাহস।
