চট্টগ্রামের বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে বরগুনার আমতলীর একদল স্বেচ্ছাসেবী। স্থানীয় মানুষের সহযোগিতায় সংগ্রহ করা খাদ্য ও প্রয়োজনীয় উপহারসামগ্রী নিয়ে তারা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছেন।
স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন, ছোনাউঠা হাওলাদার সমাজ কল্যাণ সংস্থা, ছোনাউঠা চারের খাল সমাজ কল্যাণ সংস্থা এবং সবুজ ছায়া সংগঠনের যৌথ উদ্যোগে এ মানবিক কার্যক্রমের আয়োজন করা হয়। আমতলীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় সংগ্রহ করা উপহারসামগ্রী বন্যাদুর্গত পরিবারের হাতে পৌঁছে দিতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করেন মোসাঃ দিল রুবা রজনী, মোঃ রিয়াজুল ইসলাম, জুবায়ের আহম্মেদ, সাজিদ রাব্বি, বায়েজিদ মীর ও শিহাব।
আয়োজকরা জানান, মানবতার সেবায় মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। দুর্যোগ ও সংকটের সময়ে অসহায় মানুষের পাশে থাকা সামাজিক ও নৈতিক দায়িত্ব বলেই তারা বিশ্বাস করেন। ভবিষ্যতেও দেশের যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় সচেতন মহলের মতে, আমতলীর মানুষের এ উদ্যোগ মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তাদের বিশ্বাস, এমন উদ্যোগ সমাজের অন্যদেরও অসহায় মানুষের পাশে দাঁড়াতে উৎসাহিত করবে।