নাগরিকদের বকেয়া কর পরিশোধে উৎসাহিত করা এবং রাজস্ব আদায়ে গতি আনতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)। চলমান কর মেলায় বকেয়া হোল্ডিং কর পরিশোধে সর্বোচ্চ ২৭ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার ঘোষণার পর সাড়া মিলেছে নগরবাসীর কাছ থেকেও। মেলা শুরুর প্রথম ১৫ দিনেই কর আদায় হয়েছে প্রায় ৭ কোটি টাকা।
নাসিক সূত্রে জানা গেছে, গত ১৫ জুন নগর ভবন প্রাঙ্গণে শুরু হওয়া মাসব্যাপী কর মেলা আগামী ১৫ জুলাই পর্যন্ত চলবে। শুধু কর আদায় নয়, নাগরিকদের ভোগান্তি কমাতে এবার মেলায় চালু করা হয়েছে ওয়ান-স্টপ সার্ভিস সুবিধা। ফলে করদাতারা একই স্থানে হোল্ডিং কর পরিশোধ, কর বিভাজন, নামজারি, নতুন হোল্ডিং খোলা এবং সংশ্লিষ্ট জটিলতার দ্রুত সমাধান পাচ্ছেন।
সিটি করপোরেশন কর্মকর্তারা জানান, গত বছর বকেয়া কর পরিশোধে ছাড়ের হার ছিল ২৫ শতাংশ। এবার নাগরিকদের আরও উৎসাহিত করতে সেই ছাড় বাড়িয়ে সর্বোচ্চ ২৭ শতাংশ করা হয়েছে।
কর বিভাগ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ, বন্দর ও সিদ্ধিরগঞ্জ—এই তিন অঞ্চল মিলিয়ে সিটি করপোরেশনের মোট বকেয়া হোল্ডিং কর ছিল প্রায় ৯৪ কোটি টাকা। চলতি অর্থবছরে কর মেলা শুরুর আগে আদায় হয় প্রায় ৪৩ কোটি টাকা। মেলা শুরুর পর আরও ৭ কোটি টাকা আদায় হওয়ায় বর্তমানে বকেয়ার পরিমাণ কমে দাঁড়িয়েছে প্রায় ৪০ কোটি টাকায়।
নাসিকের কর্মকর্তারা আশা করছেন, মেলার অবশিষ্ট সময়েও কর আদায়ের গতি আরও বাড়বে এবং বকেয়া রাজস্বের উল্লেখযোগ্য অংশ আদায় সম্ভব হবে।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেন, “একটি আধুনিক, পরিকল্পিত ও সেবাবান্ধব নগর গড়ে তুলতে সময়মতো কর পরিশোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাগরিকদের করের অর্থ দিয়েই সড়ক, ড্রেনেজ ও অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম পরিচালিত হয়। তাই বিশেষ ছাড়ের এই সুযোগ কাজে লাগিয়ে সবাইকে দ্রুত বকেয়া কর পরিশোধের আহ্বান জানাচ্ছি।