বগুড়ার আদমদীঘিতে এক ছাত্রীকে মুঠোফোনে আপত্তিকর ও অনৈতিক বার্তা পাঠিয়ে একান্তে দেখা করার প্রস্তাব দেওয়ার অভিযোগে মাহমুদুল হাসান (৩৮) নামে এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (১ জুলাই) সকালে ভুক্তভোগী ছাত্রীর মা বাদী হয়ে সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করার পর পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়। দুপুরে আদালতের মাধ্যমে অভিযুক্ত শিক্ষককে বগুড়া জেলহাজতে পাঠানো হয়েছে।
অভিযুক্ত মাহমুদুল হাসান উপজেলার নশরতপুর ইউনিয়নের সাকুয়া গ্রামের ঘোড়াদহ ছিদ্দিকিয়া দাখিল মাদরাসার সহকারী মৌলভি শিক্ষক হিসেবে কর্মরত।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই মাদরাসার এক ছাত্রীকে বেশ কিছুদিন ধরে শিক্ষক মাহমুদুল হাসান মুঠোফোনে অনৈতিক ও আপত্তিকর বার্তা পাঠিয়ে আসছিলেন। বিষয়টি সইতে না পেরে ওই ছাত্রী তার পরিবারকে বিস্তারিত জানায়। ঘটনাটি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
গত মঙ্গলবার সকালে অভিযুক্ত শিক্ষক মাদরাসায় এলে ছাত্রীর স্বজন ও এলাকাবাসী বার্তা পাঠানোর বিষয়ে তার কাছে জবাবদিহি চান। এ সময় তিনি অভিযোগ অস্বীকার করলে উপস্থিত জনতা ক্ষুব্ধ হয়ে ওঠেন। বিকেল ৪টার দিকে বিপুলসংখ্যক গ্রামবাসী মাদরাসায় জড়ো হয়ে ওই শিক্ষককে অবরুদ্ধ করেন। একপর্যায়ে উত্তেজনাকর পরিস্থিতিতে পুলিশের উপস্থিতিতেই বিক্ষুব্ধ জনতা তাকে গণপিটুনি দেয়। খবর পেয়ে আদমদীঘি থানা-পুলিশের অতিরিক্ত দল ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া জানান:
“ভুক্তভোগী ছাত্রীর মায়ের অভিযোগের ভিত্তিতে বুধবার সকালে সাইবার নিরাপত্তা আইনে মামলা রেকর্ড করা হয়েছে। আমরা ইতিমধ্যে অভিযুক্ত শিক্ষকের মুঠোফোনটি জব্দ করেছি এবং প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। আজ দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”
এই অপ্রীতিকর ঘটনার বিষয়ে জানতে চাইলে ঘোড়াদহ ছিদ্দিকিয়া দাখিল মাদরাসার সুপার মওলানা রহমতুল্লাহ বলেন, “শিক্ষক মাহমুদুল হাসানের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক কোনো ব্যবস্থা নেওয়ার আগেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং এই ঘটনাটি ঘটে। খুব দ্রুতই মাদরাসার ম্যানেজিং কমিটির জরুরি সভা ডেকে তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”