তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান খেলোয়াড় খুঁজে বের করতে বেশি বেশি ক্রীড়া প্রতিযোগিতা ও টুর্নামেন্ট আয়োজনের ওপর গুরুত্ব দিয়েছেন ক্রীড়া উপমন্ত্রী আমিনুল ইসলাম। অর্থের অভাবে যেন কোনো সম্ভাবনাময় খেলোয়াড় ঝরে না পড়ে, সে জন্য তাদের চিহ্নিত করে প্রয়োজনীয় সহযোগিতার মাধ্যমে খেলার মাঠে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন তিনি।
নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য সচিব রিয়াদ মোহাম্মদ চৌধুরী ও এডহক কমিটির সদস্য ও ক্রীড়াবিদ সোহেল আহমেদ ক্রীড়া উপমন্ত্রী আমিনুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব কথা বলেছেন।
সাক্ষাৎকালে নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গনের বর্তমান পরিস্থিতি, তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার, তরুণদের ক্রীড়ামুখী করা এবং প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা ও মতবিনিময় হয়।
আলোচনায় ক্রীড়া উপমন্ত্রী আমিনুল ইসলাম নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থার কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি স্থানীয় পর্যায়ে খেলাধুলার পরিবেশ উন্নয়ন এবং নতুন খেলোয়াড় তৈরিতে সংস্থাটির পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
উপমন্ত্রী আরো বলেন, তৃণমূল পর্যায়ে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে, যারা যথাযথ সুযোগ ও আর্থিক সহায়তার অভাবে নিজেদের প্রতিভার বিকাশ ঘটাতে পারছে না। নিয়মিত টুর্নামেন্ট ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজনের মাধ্যমে এসব খেলোয়াড়কে খুঁজে বের করতে হবে। তাদের প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে প্রশিক্ষণ ও প্রতিযোগিতার সুযোগ তৈরি করতে হবে, যাতে অর্থাভাবে কোনো প্রতিভা হারিয়ে না যায়।
এ ক্ষেত্রে নারায়ণগঞ্জ সদর উপজেলা ক্রীড়া সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে ক্রীড়াঙ্গনের উন্নয়নে স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং প্রতিভাবান খেলোয়াড়দের এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
সৌজন্য সাক্ষাৎ শেষে রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে অভিজ্ঞ ও জাতীয় পর্যায়ের ক্রীড়া ব্যক্তিত্বদের পরামর্শ ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার, নতুন প্রতিভা অন্বেষণ এবং খেলোয়াড়দের বিকাশে সদর উপজেলা ক্রীড়া সংস্থা কাজ করে যাবে। এ ক্ষেত্রে ক্রীড়া উপমন্ত্রীর সহযোগিতা স্থানীয় ক্রীড়াঙ্গনের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।