শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
জুলাইয়ের পেছনে ছিল ১৭ বছরের সংগ্রাম: না.গঞ্জ বিএনপির স্মরণ সভায় বক্তারা বরগুনায় গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রধানমন্ত্রীর কাছে ১১ দলের স্মারকলিপি আমতলীতে স্বপ্নছোঁয়ার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ ফতুল্লায় ১০পাতা হেরোইনসহ মোহন গ্রেপ্তার ফতুল্লায় এএসআই হামিদ খানকে বহালের দাবিতে ‘জুলাই যোদ্ধাদের’ আবেদন ফতুল্লায় বৈষম্যবিরোধী মামলার আসামি তাঁতী লীগ নেতা ইপু গ্রেপ্তার বকশীগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জুলাই গণ-অভ্যুত্থান স্মরণসভায় উত্তেজনা: তোলারাম কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, আহত অন্তত ৮-১০ ফতুল্লায় থানার ভেতরে ‘সমঝোতা’ নাকি ‘সালিশ’? প্রশ্নের মুখে পুলিশ কর্মকর্তা আমতলীতে সোনালী লাইফ ইন্সুরেন্স পিএলসি’র মাসিক ব্যবসায়ীক উন্নয়ন সভা অনুষ্ঠিত

জুলাইয়ের পেছনে ছিল ১৭ বছরের সংগ্রাম: না.গঞ্জ বিএনপির স্মরণ সভায় বক্তারা

মো. সোহেল আহমেদ / ৩৯ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

নারায়ণগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত স্মরণসভায় আন্দোলনের ইতিহাস, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, দলীয় নেতাকর্মীদের ত্যাগ এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বক্তব্য দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা। বক্তারা জুলাইয়ের আন্দোলনকে দীর্ঘদিনের স্বৈরাচারবিরোধী রাজনৈতিক সংগ্রামের ধারাবাহিকতার অংশ হিসেবে উল্লেখ করেন এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

বৃহস্পতিবার (৬ আগস্ট) শহরের নতুন কোর্ট এলাকায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে অনুষ্ঠিত এ স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ বলেন, বিএনপি সরকার গঠনের কয়েক মাসের মধ্যেই দেশি-বিদেশি বিভিন্ন ষড়যন্ত্র শুরু হয়েছে। তার অভিযোগ, একটি বিশেষ রাজনৈতিক দল বিদেশি ষড়যন্ত্রের ওপর নির্ভর করে এগোতে চাচ্ছে। তবে বাংলাদেশের মাটিতে কোনো বিদেশি ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না বলেও তিনি মন্তব্য করেন।

জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, এই আন্দোলনকে কয়েক দিনের বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। তার মতে, এর পেছনে রয়েছে দীর্ঘদিনের স্বৈরাচারবিরোধী রাজনৈতিক আন্দোলন, যেখানে বিএনপি ও দলটির শীর্ষ নেতৃত্ব দীর্ঘ সময় রাজপথে সক্রিয় ছিল।

তিনি আরও বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভূমিকা স্মরণীয়। গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে রাজপথে থাকার অবস্থানের কারণে তাকে কারাবরণ করতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। একইসঙ্গে তিনি বলেন, বিদেশে অবস্থান করেও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ রেখেছেন। ছাত্র-জনতার আন্দোলনে বিপুলসংখ্যক মানুষের প্রাণহানির পরও আন্দোলন দমন করা সম্ভব হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে কেবল কয়েক দিনের আন্দোলন হিসেবে মূল্যায়ন করলে এর প্রকৃত ইতিহাস তুলে ধরা সম্ভব হবে না। তার দাবি, এটি ছিল স্বৈরাচারবিরোধী টানা ১৭ বছরের আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

তিনি বলেন, দীর্ঘ সময় ধরে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন এবং দলের নেতাকর্মীরা মাঠে সক্রিয় ছিলেন। এ সময় নারায়ণগঞ্জের শাওন ও আড়াইহাজারের সিদ্দিকসহ আন্দোলনে প্রাণ হারানো নেতাকর্মীদের স্মরণ করেন তিনি। পাশাপাশি তিনি বলেন, জুলাইকে কেন্দ্র করে পূর্ববর্তী ১৭ বছরের আন্দোলনের ইতিহাস মুছে ফেলার চেষ্টা করা উচিত নয়। বিএনপির অসংখ্য নেতাকর্মী কারাবরণ করেছেন, অনেকে ব্যবসা-বাণিজ্য হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন, এসব ত্যাগও রাজনৈতিক ইতিহাসের অংশ।

সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের কয়েক মাসের মধ্যেই ছাত্রশিবিরের সঙ্গে সংঘর্ষে ছাত্রদলের নেতাকর্মীরা আহত হওয়ার ঘটনায় নানা প্রশ্ন তৈরি হয়েছে। তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার খবর দেখে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। বিএনপি সরকার গঠনের অল্প সময়ের মধ্যেই কেন দলের নেতাকর্মীরা হামলার শিকার হবেন, সে প্রশ্নও তোলেন তিনি।

জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব বলেন, সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হয়েছে এবং নিরীহ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনাও ঘটেছে। তিনি এসব ঘটনা বন্ধে সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, জাতীয়তাবাদী দল কোনো আকস্মিক রাজনৈতিক পরিস্থিতির মধ্য দিয়ে গড়ে ওঠেনি; বরং দীর্ঘ আন্দোলন-সংগ্রাম, ত্যাগ ও নির্যাতনের মধ্য দিয়ে বর্তমান অবস্থানে এসেছে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের প্রসঙ্গ টেনে তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষণা দিয়ে যুদ্ধে অংশ নিলেও মুক্তিযুদ্ধের কৃতিত্ব এককভাবে দাবি করেননি। একইভাবে ২০২৪ সালের আন্দোলনেও বিএনপি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করলেও দলটি এককভাবে কৃতিত্ব দাবি করে না। রাজনৈতিক প্রতিপক্ষের হুমকি বা ভয়ভীতি প্রদর্শনের রাজনীতিতে বিএনপি আতঙ্কিত নয় বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারন সম্পাদক এড. আব্দুল বারি ভুইয়া, সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী, সিনিয়র যুগ্ন সম্পাদক রুহুল আমিন সিকদারসহ জেলা বিএনপি ও দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

স্মরণসভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি বিএনপির দীর্ঘ রাজনৈতিক আন্দোলনে নিহত, আহত ও নির্যাতনের শিকার নেতাকর্মীদেরও স্মরণ করা হয়।

 


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর