নিজের প্রকৃত পরিচয় গোপন করে ভুয়া কাগজপত্রের মাধ্যমে ই-পাসপোর্ট সংগ্রহের চেষ্টার অভিযোগে তানজিনা আক্তার সেতারা (২৪) নামে এক রোহিঙ্গা নারীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
ফতুল্লা মডেল থানার এসআই সনজিব জোর্য়াদ্দার জানায়, সোমবার (২৭ জুলাই) বাংলাদেশি নাগরিক পরিচয়ে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই-পাসপোর্টের আবেদন করেন তিনি। আবেদন যাচাইয়ের সময় সন্দেহ হলে পরিচয় নিশ্চিত করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে মিয়ানমারের নাগরিক ও কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে স্বীকার করেন তিনি। এ ঘটনায় দণ্ডবিধির ৪২০, ৪৬৭, ৪৬৮ ও ৪৭১ ধারায় ফতুল্লা মডেল থানায় মামলা হয়েছে।
ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুব আলম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন,প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্ত নারী ভুয়া পরিচয় ও জাল কাগজপত্র ব্যবহার করে ই-পাসপোর্ট সংগ্রহের চেষ্টা করেছিলেন। বিষয়টি যাচাই-বাছাইয়ের সময় ধরা পড়ে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।