নারায়ণগঞ্জের ফতুল্লা থানার কাঠেরপুল ও আশপাশের বেশ কয়েকটি এলাকার সাধারণ মানুষের জীবন বিষিয়ে তুলেছে সোহেল (৩০) নামের এক শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি। তার অব্যাহত চাঁদাবাজি, মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে এবার আইনি প্রতিকার ও জীবনের নিরাপত্তা চেয়ে জেলা প্রশাসক (ডিসি) এবং পুলিশ সুপার (এসপি) বরাবর লিখিত স্মারকলিপি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
অভিযুক্ত সোহেল ফতুল্লার মাইক্রো ফাইবার গার্মেন্টস সংলগ্ন এলাকার অলি আহম্মদের ছেলে।
স্মারকলিপিতে এলাকাবাসী অভিযোগ করেন, কুতুবআইল, কাঠেরপুল, রামারবাগ, কোতালেরবাগ, সস্তাপুর ও শিবু মার্কেট এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছে সোহেল ও তার বাহিনী। পুরো এলাকা সিসি (CC) ক্যামেরার আওতায় এনে ডিজিটাল পদ্ধতিতে নিজের অপরাধ সাম্রাজ্য নজরদারি ও নিয়ন্ত্রণ করে সে। ফতুল্লা স্টেডিয়াম এলাকাসহ আশপাশের ছিনতাই চক্রও সোহেলের ছত্রছায়ায় পরিচালিত হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তার বিরুদ্ধে ফতুল্লাসহ বিভিন্ন থানায় চাঁদাবাজি, চুরি ও মাদক সংক্রান্ত অন্তত ১৫টিরও বেশি মামলা রয়েছে।
অনুসন্ধানে জানা যায়, অভিযুক্ত সোহেল নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল ‘আওয়ামী লীগ’-এর একজন সক্রিয় কর্মী এবং বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি।
সোহেলের মাদক সিন্ডিকেটের দুদিন আগেই নবীগঞ্জ ঘাট এলাকা থেকে অস্ত্রসহ র্যাবের হাতে গ্রেপ্তার হয় তার অন্যতম সহযোগী আনন্দ ইসলাম। এছাড়া, গত ১৫ জুলাই ২০২৬ তারিখে কুতুবআইল এলাকা থেকে ১ কেজি গাঁজাসহ সোহেলের আরেক সহযোগীকে হাতেনাতে আটক করে জনতা। পরে সে সোহেলের হয়ে মাদক বিক্রির কথা স্বীকার করলে তাকে ফতুল্লা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
সোহেল বাহিনীর বেপরোয়া কর্মকাণ্ডে স্থানীয় বাসিন্দারা সম্প্রতি এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করেন। এতে ক্ষিপ্ত হয়ে সোহেল ও তার সহযোগীরা আন্দোলনকারী ও সাধারণ মানুষের ওপর অত্যাচারের মাত্রা আরও বাড়িয়ে দিয়েছে। বর্তমানে মামলা তুলে নেওয়া এবং মুখ না খোলার জন্য এলাকাবাসীকে প্রতিনিয়ত প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি দেখানো হচ্ছে বলে স্মারকলিপিতে জানানো হয়।
চিহ্নিত এই সন্ত্রাসীর প্রকাশ্য অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে এলাকার সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা চরমভাবে বিঘ্নিত হচ্ছে।এলাকাবাসী নিরাপত্তাহীনতায় ভুগছেন। জনস্বার্থে ও জননিরাপত্তার কথা বিবেচনা করে অতি দ্রুত তদন্ত সাপেক্ষে এই চক্রের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী।
এলাকার শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এই শীর্ষ সন্ত্রাসীকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন ফতুল্লাবাসী।