নারায়ণগঞ্জের ফতুল্লায় সরকারি জ্বালানি তেল বিপণনকারী প্রতিষ্ঠান যমুনা ও মেঘনা অয়েলের প্রধান ডিপো দুটিকে কেন্দ্র করে গড়ে উঠেছে এক বিশাল চোরাই তেলের সাম্রাজ্য। স্থানীয় প্রশাসনের নাকের ডগায় দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসা চললেও, রহস্যজনক কারণে নীরব ভূমিকা পালন করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আর এই সুযোগে পুরো সিন্ডিকেটটি নিয়ন্ত্রণ করছে স্থানীয় চিহ্নিত তেল চোর মিলন ও তার চক্র।
অনুসন্ধানে জানা যায়, ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহের প্রথম ধাপ থেকেই শুরু হয় এই হরিলুট। বিভিন্ন ফিলিং স্টেশনে তেল পৌঁছানোর পথেই ট্যাংক লরি থেকে সুকৌশলে লাখ লাখ টাকার জ্বালানি সরিয়ে নেয় মিলন বাহিনী। এছাড়া নদীপথে তেল পরিবহনের সময় জাহাজের গোপন কুঠুরি বা ‘খুপরি’ ব্যবহার করে অভিনব উপায়ে তেল চুরির ঘটনা ঘটছে প্রতিনিয়ত। গ্রাহক পর্যায়ে তেল সরবরাহে কারচুপির মাধ্যমে পরিমাণে কম দেওয়ার অভিযোগও রয়েছে এই চক্রের বিরুদ্ধে।
অভিযোগ উঠেছে, নির্বিঘ্নে এই কালোবাজারি ব্যবসা টিকিয়ে রাখতে স্থানীয় প্রশাসন, রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি এবং বিশেষ পরিচয়ধারী ব্যক্তিদের নিয়মিত ‘মাসোয়ারা’ দেওয়া হয়। এমনকি ডিবি, র্যাব, পুলিশ ও স্থানীয় সাংবাদিকদের নাম ভাঙিয়ে যমুনা ও মেঘনা ডিপোর আশপাশের অবৈধ তেলের দোকানগুলো থেকে নিয়মিত মাসিক চাঁদা (হাফতা) তোলার অভিযোগও রয়েছে মিলন ও তার সহযোগীদের বিরুদ্ধে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহাবুব আলম জানান,পুলিশের নাম ভাঙিয়ে কেউ যদি কোনো ধরনের অবৈধ চাঁদা দাবি বা আদায় করে, তবে তাকে সাথে সাথে আটক করে পুলিশে সোপর্দ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। মিলনের বিরুদ্ধে সুনির্দিষ্ট ও লিখিত অভিযোগ পেলে আমরা দ্রুত কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করব।