মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
ইসলামী ব্যাংক থেকে ৮৩ হাজার কোটি টাকা ঋণের অভিযোগে কোনো বক্তব্য দেননি বাবর সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানের নির্দেশ বাস্তবায়নে শাওন- ইসমাইলের নেতৃত্বে সক্রিয় আ.লীগ শ্রেষ্ঠ ওসি-সহ একাধিক পুরস্কার অর্জন করল আমতলী থানা নাঃগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রাজিবকে ফুলেল শুভেচ্ছা জানান ইকবাল হোসেন বকশীগঞ্জে দুই ফার্মেসিকে ৮ হাজার টাকা জরিমানা প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে মৌলভীবাজারে পাঁচ দফা দাবিতে সংবাদ সম্মেলন যানজট নিরসনে সায়েদাবাদ-গুলিস্তান-মহাখালী টার্মিনাল সরানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বুড়িগঙ্গায় মিলল নিখোঁজ জাবি শিক্ষার্থীর মরদেহ বেনজীরকে দেশে ফেরাতে সময় বেঁধে দিল আমিরাত নারায়ণগঞ্জ সদর উপজেলা বিতর্ক উৎসব ২০২৬ শুরু, অংশ নিচ্ছে ৬০টির বেশি শিক্ষা প্রতিষ্ঠান

একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম, এনআইসিইউতে জীবনযুদ্ধ-সন্তান বাঁচাতে সংগ্রামে তরুণ দম্পতি

মো. সোহেল আহমেদ / ৪০ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন

একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম—শুনতে বিস্ময়কর হলেও নোয়াখালীর এক তরুণ দম্পতির জীবনে এটি এখন আনন্দ ও উদ্বেগের একসঙ্গে চলা বাস্তবতা। বহু ঝুঁকি, চিকিৎসকদের শঙ্কা, আর্থিক সংকট এবং দীর্ঘ শারীরিক কষ্টের মধ্য দিয়ে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন সামরিনা আক্তার (২০)। জন্ম নেওয়া শিশুদের মধ্যে তিনজন ছেলে ও দুইজন মেয়ে।

 

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার বাসিন্দা সামরিনা ও তাঁর স্বামী মোস্তাকিম হোসেনের দাম্পত্য জীবন দুই বছরের। গর্ভধারণের প্রাথমিক পর্যায়ে আলট্রাসনোগ্রামে চিকিৎসকেরা জানতে পারেন, সামরিনার গর্ভে একাধিক সন্তান রয়েছে। শুরুতে ছয় সন্তানের অস্তিত্ব ধরা পড়লেও পরে পাঁচটি সন্তান টিকে থাকার বিষয়টি নিশ্চিত হয়।

 

চিকিৎসকেরা এমন গর্ভধারণকে মা ও শিশুর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে উল্লেখ করে গর্ভপাতের পরামর্শ দেন। পরিবার ও আত্মীয়স্বজনের মধ্যেও সেই মত ছিল। কিন্তু সব শঙ্কা উপেক্ষা করে সন্তানদের পৃথিবীর আলো দেখানোর সিদ্ধান্ত নেন এই দম্পতি।

 

দীর্ঘ কয়েক মাস সামরিনাকে কাটাতে হয়েছে কঠিন শারীরিক ও মানসিক চাপের মধ্যে। গর্ভের সন্তানদের সুস্থতা পর্যবেক্ষণে নিয়মিত ব্যয়বহুল পরীক্ষা, বিশেষ ইনজেকশন এবং কঠোর চিকিৎসা তত্ত্বাবধানের মধ্যে ছিলেন তিনি। গর্ভকালীন সময়ে তাঁর শারীরিক ওজনও অস্বাভাবিকভাবে বেড়ে যায় এবং স্বাভাবিক চলাফেরা প্রায় বন্ধ হয়ে পড়ে।

 

চিকিৎসকদের পরিকল্পনা ছিল ৩২ সপ্তাহে অস্ত্রোপচারের মাধ্যমে সন্তান প্রসব করানো হবে। তবে শারীরিক অবস্থার অবনতি এবং গর্ভের শিশুদের হৃৎস্পন্দন কমে যাওয়ায় ৩০ সপ্তাহেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেওয়া হয়।

 

গত বৃহস্পতিবার সফল অস্ত্রোপচারের মাধ্যমে পাঁচ নবজাতকের জন্ম হয়। তবে সময়ের আগেই জন্ম নেওয়ায় শিশুদের প্রত্যেকের ওজন এক কেজির কাছাকাছি হওয়ায় তাদের বিশেষ চিকিৎসা প্রয়োজন হয়েছে। বর্তমানে তিন শিশু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নবজাতক নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) ভর্তি রয়েছে। অন্য দুই শিশু চিকিৎসাধীন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের এনআইসিইউতে।

 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এত কম ওজন নিয়ে জন্ম নেওয়া শিশুদের দীর্ঘ সময় নিবিড় পর্যবেক্ষণে রাখতে হয়। হাসপাতালের সীমিত সক্ষমতার কারণে পরিবারটিকে তিনটির বেশি এনআইসিইউ সেবা দেওয়া সম্ভব হয়নি।

 

এদিকে চিকিৎসা ব্যয়ের চাপ পরিবারটির জন্য বড় সংকট হয়ে দাঁড়িয়েছে। মোস্তাকিমের স্থায়ী কোনো চাকরি নেই। স্ত্রী ও সন্তানদের চিকিৎসা চালাতে তিনি দোকান বিক্রি করেছেন, পাশাপাশি ঋণ ও স্বজনদের সহায়তা নিয়েছেন। পরিবারটির দাবি, এখন পর্যন্ত চিকিৎসা ও সংশ্লিষ্ট খাতে কয়েক লাখ টাকা ব্যয় হয়ে গেছে, আর সামনের দিনগুলো আরও কঠিন হতে পারে।

 

সামরিনা বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। সন্তানদের সুস্থতার অপেক্ষায় দিন কাটছে তাঁর। অন্যদিকে সদ্য বাবা হওয়া মোস্তাকিম বলছেন, সব কষ্টের মাঝেও সন্তানদের মুখ দেখার আনন্দই তাঁকে শক্তি দিচ্ছে।

 

পরিবারটির এখন একটাই প্রার্থনা—পাঁচ শিশুই যেন সুস্থ হয়ে দ্রুত মায়ের কোলে ফিরতে পারে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর