প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের এক মাসের মধ্যে যোগ ও বিয়োগ শেখাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট গণিত শিক্ষক এবং দায়িত্বপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তাদের বিরুদ্ধে বরখাস্তের ব্যবস্থা নেওয়া হবে।
সম্প্রতি সিলেট অঞ্চলের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন। পরে এ-সংক্রান্ত একটি ভিডিও নিজের ফেসবুক পেজে প্রকাশ করেন।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের অবশ্যই যোগ-বিয়োগে দক্ষ হতে হবে। যারা এখনও তা পারে না, তাদের একত্র করে বিশেষভাবে পাঠদান করতে হবে। তিনি বলেন, “আগামী এক মাস শুধু যোগ-বিয়োগ শেখান। অন্য সব বিষয় আপাতত গুরুত্ব না দিয়ে আগে মৌলিক গণিত দক্ষতা নিশ্চিত করুন।
বাংলা ভাষার মৌলিক দক্ষতার ওপরও জোর দিয়ে ববি হাজ্জাজ বলেন, যারা সাবলীলভাবে বাংলা পড়তে পারে না, তাদেরও বয়স বা শ্রেণি বিবেচনা না করে একসঙ্গে নিয়ে পাঠদান করতে হবে। নিয়মিত শ্রেণিকক্ষের সময়ের মধ্যেই এই ঘাটতি পূরণের নির্দেশ দিয়ে তিনি বলেন, অতিরিক্ত সময় নয়, বিদ্যমান ক্লাসের মধ্যেই শিক্ষার্থীদের প্রস্তুত করতে হবে।
তিনি সংশ্লিষ্ট শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের উদ্দেশে বলেন, প্রতিদিন অগ্রগতি পর্যালোচনা করে উপজেলা বা থানা শিক্ষা কর্মকর্তাকে জানাতে হবে। সেখান থেকে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার (ডিপিও) কাছে প্রতিবেদন যাবে। আগামী ১ সেপ্টেম্বর তিনি নিজেই জেলার কর্মকর্তাদের কাছ থেকে বিদ্যালয়ভিত্তিক অগ্রগতির প্রতিবেদন নেবেন।
প্রতিমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, “এক মাস পরও যদি শিক্ষার্থীদের যোগ-বিয়োগ শেখানো না যায়, তাহলে সংশ্লিষ্ট শিক্ষক সাসপেন্ডেড হবেন। একইভাবে দায়িত্ব পালনে ব্যর্থ শিক্ষা কর্মকর্তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সাম্প্রতিক বিভিন্ন জরিপে দেখা গেছে, অনেক শিক্ষার্থী শ্রেণি অনুযায়ী প্রত্যাশিত মানে বাংলা পড়া-লেখা ও মৌলিক গণিত দক্ষতা অর্জন করতে পারেনি। এই বাস্তবতা যাচাই এবং সমস্যার কারণ চিহ্নিত করতে দেশের বিভিন্ন জেলার প্রত্যন্ত অঞ্চলের সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।