শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
সেলিম ওসমান সন্ত্রাসী, হাতেম তাদের ক্যাশিয়ার, নৌকার চেয়ারম্যানরা বাইরে ঘোরে কীভাবে?  প্রশ্ন এমপি আল আমিনের অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক-এর শোক সভা অনুষ্ঠিত জুড়ীতে ডিএনসির অভিযানে ৪০০ ইয়াবাসহ নারী আটক, স্বামী পলাতক মৌলভীবাজার জেলা পুলিশের বিশেষ পুরস্কার পেলেন এএসআই সাইদুর রহমান জিয়া শিশু কিশোর সংগঠনের নতুন কেন্দ্রীয় কমিটি ও স্থায়ী কমিটি গঠন শিক্ষকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত সভাপতি সফর আলী ভূইয়া জুলাই শহীদ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত আমতলী থেকে বন্যার্তদের পাশে, চট্টগ্রামের পথে স্বেচ্ছাসেবীরা চিহ্নিত সন্ত্রাসী সোহেলের গ্রেপ্তারের দাবিতে উত্তাল ফতুল্লা: ডিসি ও এসপিকে এলাকাবাসীর স্মারকলিপি আর্জেন্টিনার জয় উদযাপনে ভিডিও করতে গিয়ে প্রাণ গেল তরুণের

সেলিম ওসমান সন্ত্রাসী, হাতেম তাদের ক্যাশিয়ার, নৌকার চেয়ারম্যানরা বাইরে ঘোরে কীভাবে?  প্রশ্ন এমপি আল আমিনের

মো. সোহেল আহমেদ / ২৬ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের স্পৃহাকে ধারণ করে নারায়ণগঞ্জে আয়োজিত এক আলোচনা সভায় প্রশাসনের ভূমিকা ও আইনি প্রক্রিয়া নিয়ে ক্ষোভ ও দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব আবদুল্লাহ আল আমিন। তিনি স্পষ্ট জানিয়েছেন, জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের যেকোনো মূল্যে আইনের আওতায় আনতে হবে, তবে তদন্তের নামে কোনো নিরীহ মানুষকে যেন হয়রানি করা না হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আয়োজিত বিশেষ আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক মো. রায়হান কবিরের সভাপতিত্বে সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বক্তব্যের শুরুতেই সংসদ সদস্য আবদুল্লাহ আল আমিন নারায়ণগঞ্জের বিগত আমলের রাজনৈতিক ও ব্যবসায়িক আঁতাতের তীব্র সমালোচনা করেন। তিনি বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমকে সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ‘ক্যাশিয়ার’ হিসেবে আখ্যায়িত করে বলেন, যারা শেখ হাসিনার সামনে দাঁড়িয়ে জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনকে ‘তাণ্ডব’ বলে আখ্যা দিয়েছিল, আজ তারা ব্যবসায়ী নেতা পরিচয়ে ছাড় পেতে পারে না। হাতেম নিজে জুলাই হত্যা মামলার আসামি। ব্যবসায়ীদের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা আছে, তারা অর্থনীতি সচল রাখছেন। কিন্তু ব্যবসায়ী পরিচয়ের আড়ালে যারা সন্ত্রাসীদের সঙ্গে আঁতাত করেছেন, তাদের অপরাধ আড়াল করা যাবে না।

তিনি আরও বলেন, সেলিম ওসমানও ব্যবসায়ী ছিলেন, কিন্তু তিনি মূলত একজন সন্ত্রাসী। ফ্যাসিবাদের সহযোগী সবাই সমান অপরাধী, এখানে ‘ভালো ফ্যাসিষ্ট’ বা ‘খারাপ ফ্যাসিষ্ট’ বলে কোনো বিভাজনের সুযোগ নেই। আন্দোলনকারীদের দমনে উস্কানিদাতাদের বিচারের মুখোমুখি করা শহীদদের রক্তের প্রতি প্রতিশ্রুতির অংশ।

বিগত স্বৈরাচারী সরকারের সময় নিজেদের ওপর নেমে আসা নির্যাতনের স্মৃতি চারণ করে আল আমিন বলেন, আজ আমরা যে এই চেয়ারে বসে কথা বলছি, তার পেছনে রয়েছে এক ভয়াবহ লড়াই। মহানগর বিএনপির সদস্যসচিব আবু আল ইউসুফ খান টিপুকে হন্যে হয়ে দৌড়াতে হয়েছে, প্রবীণ জামায়াত নেতা মাওলানা মঈনুদ্দিন ওপেন হার্ট সার্জারির রোগী হয়েও জেল খেটেছেন, গণসংহতির তারিকুল সুজন মামলায় জর্জরিত ছিলেন। এমনকি আমাকে এসপি অফিসে নিয়ে গিয়ে ডান হাত ভেঙে দেওয়া হয়েছিল। আমরা সেদিন টিকে না থাকলে আজ এই মঞ্চে ওসমানেরাই বসে থাকত।

তিনি অত্যন্ত দুঃখের সঙ্গে জানান যে, যাদের রক্তের বিনিময়ে দেশে পরিবর্তন এসেছে, সেই শহীদ পরিবারের সদস্যরা আজও রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক সহমর্মিতা থেকে বঞ্চিত হয়ে চোখের জল ফেলছেন। এই সমন্বয়হীনতা ও উদাসীনতাকে তিনি সামগ্রিকভাবে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেন।

সংসদ সদস্য জানান, জুলাই আন্দোলনের প্রতিনিধি হিসেবে তিনি নিয়মিত শহীদ ও আহত পরিবারের পাশে থাকার চেষ্টা করছেন। আহতদের জন্য নতুন গেজেট প্রকাশ ও কবর সংরক্ষণের আইনি জটিলতা নিরসনে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ রাখছেন। নারায়ণগঞ্জের চার শহীদের কবর ঢাকা জেলা প্রশাসনের অধীনে হওয়ায় যে সমন্বয়হীনতা তৈরি হয়েছে, তা দ্রুত দূর করতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

নারায়ণগঞ্জে দায়ের হওয়া দেড় শতাধিক মামলার বিষয়ে তিনি পরামর্শ দেন যে, অন্তত ১০টি মামলাকে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বিচার ট্রাইব্যুনালে নেওয়া উচিত, যার মধ্যে নারায়ণগঞ্জের ৫টি মামলা অন্তর্ভুক্ত থাকবে। এতে বিচারপ্রার্থীতের মনে প্রশাসনের প্রতি আস্থা ফিরবে।

ক্ষমতাচ্যুত দলের স্থানীয় জনপ্রতিনিধিদের প্রকাশ্য ঘোরাফেরা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে আবদুল্লাহ আল আমিন বলেন, “জুলাই গণহত্যার ৫ থেকে ১০টি মামলার আসামি হয়েও নৌকার চেয়ারম্যানরা কীভাবে এখনো বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন? তারা আদালতে আত্মসমর্পণ পর্যন্ত করছেন না। প্রশাসন তাদের দেখতে পায় না এই দাবি সম্পূর্ণ ভুল। আমরা সবাই চিনি কারা শামীম ওসমানের লোক ছিল।

তিনি আরও অভিযোগ করেন, একটি শহীদ পরিবার আসামিদের হুমকি ও মামলার ভয়ে নারায়ণগঞ্জ ছেড়ে চাঁদপুরে পালিয়ে যেতে বাধ্য হয়েছে, যা অত্যন্ত দুর্ভাগ্যজনক। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও রাজনৈতিক কর্মসূচিতে পুলিশের গোয়েন্দা নজরদারির কার্যকারিতা নিয়েও তিনি প্রশ্ন তোলেন এবং অতীতে বিরোধী দলের কর্মসূচিতে প্রশাসনের যে তৎপরতা দেখা যেত, এখন অপরাধীদের দমনে সেই একই রকম সক্রিয়তা কেন নেই, তা খতিয়ে দেখার তাগিদ দেন।

উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সিফাত উদ্দিন, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার।

রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, মহানগর জামায়াতে ইসলামীর সাবেক আমির মাওলানা মঈনুদ্দিন আহমাদ, বর্তমান আমির মাওলানা আবদুল জব্বার, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তারিকুল ইসলাম সুজন, এনসিপির জেলা সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান ও মহানগর নেতা জাবেদ আলমসহ জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের সদস্যরা। বক্তারা প্রত্যেকেই জুলাইয়ের শহীদদের অবদানের যথাযথ রাষ্ট্রীয় মূল্যায়ন এবং দ্রুত ন্যায়বিচার নিশ্চিতের দাবি জানান।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর