গাজীপুরের কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে দীর্ঘদিন আত্মগোপনে থাকা হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবু মোকারমকে (৪৪) নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১১)।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে সোনারগাঁ উপজেলার মেঘনা টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-১১-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, আবু মোকারম চট্টগ্রামের চন্দনাইশ থানায় দায়ের করা একটি হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। ২০১৩ সালের ৯ জুলাই থেকে তিনি কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী ছিলেন। তবে ২০২৪ সালের ৬ আগস্ট কারাগারে সংঘটিত দাঙ্গা, ভাঙচুর ও অগ্নিসংযোগের সুযোগে অন্যান্য বন্দীর সঙ্গে তিনিও পালিয়ে যান।
এসআরবি জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পরদিন সকালে কারাগারের বন্দীরা সংঘবদ্ধ হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। একপর্যায়ে তারা কারারক্ষীদের জিম্মি করে ফেলেন। পরে বৈদ্যুতিক পিলার ভেঙে তৈরি করা মই ব্যবহার করে কারাগারের সীমানাপ্রাচীর অতিক্রম করে বন্দীরা পালিয়ে যান। এ ঘটনায় কারা কর্তৃপক্ষ বাদী হয়ে গাজীপুরের কোনাবাড়ী থানায় মামলা দায়ের করে।
কারাগার থেকে পালানোর পর আবু মোকারম আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজর এড়াতে বিভিন্ন ছদ্মবেশ ধারণ করেন। নিজের প্রকৃত পরিচয় আড়াল করে দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে আত্মগোপনে ছিলেন তিনি। একপর্যায়ে এসআরবি-১১-এর গোয়েন্দা নজরদারি ও আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় সোনারগাঁয়ের মেঘনা টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ২০০৯ সালের নভেম্বর মাসে চট্টগ্রামের চন্দনাইশ থানায় হত্যা মামলা নম্বর ৭(১১)২০০৯ দায়ের করা হয়। দণ্ডবিধির ৩০২ ধারায় দায়ের করা ওই মামলায় আবু মোকারম ছিলেন এক নম্বর আসামি। পারিবারিক বিরোধের জেরে তিনি সহযোগী আসামিদের নিয়ে তার বোনের চাচি শাশুড়িকে হত্যা করে বাড়ির পাশের ধানখেতে ফেলে রাখেন বলে মামলার অভিযোগে উল্লেখ রয়েছে।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০১৩ সালের ১৯ মে চট্টগ্রামের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালত আবু মোকারমকে মৃত্যুদণ্ড প্রদান করেন। হত্যাকাণ্ডে তার সরাসরি সম্পৃক্ততা সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন বলে জানিয়েছে এসআরবি।
গ্রেপ্তার আবু মোকারমের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।