বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
কাশিমপুর কারাগার থেকে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোনারগাঁয়ে গ্রেপ্তার ফতুল্লায় তৃতীয় দিনের আন্দোলনেও উত্তাল শ্রমিকরা, পুলিশের সঙ্গে ফের সংঘর্ষ ফতুল্লায় মাদক সেবনে বাধা দেওয়ায় বসতঘরে হামলা, বৃদ্ধা মা ও ছেলে আহত কাঠেরপুল থেকে গ্রেপ্তার আজমতের অনুসারী আফসু হৃদয় আমতলীতে ৪ হাজার ৭০০ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার, পলাতক জামাতা দমন-পীড়নে শ্রমিক আন্দোলন থামবে না, দ্রুত মজুরি ঘোষণার দাবি মজদুর পার্টির জমি-বীজ-অধিকার: কৃষকের লড়াই জোরদারে সাতক্ষীরায় অ্যাক্টিভিস্ট প্রশিক্ষণ আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে ৩৬ তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা এমপিপুত্রের ছত্রছায়ায় মার্কেট দখল? বিএনপি নেতা হিরনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ মাদকবিরোধী অভিযান চলছে জেলাজুড়ে, আলআমিন নগরে অধরা কারবারিরা!

ফতুল্লায় তৃতীয় দিনের আন্দোলনেও উত্তাল শ্রমিকরা, পুলিশের সঙ্গে ফের সংঘর্ষ

মোঃ সোহেল আহমেদ / ৪৪ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন

৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিতে বিক্ষোভ, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, করা অসুস্থ শ্রমিক।

ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে টানা তৃতীয় দিনের মতো আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে নারায়ণগঞ্জের ফতুল্লা।

বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের পাশে কুতুবাইল কাঠেরপুল এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা ৩০ হাজার টাকা ন্যূনতম মাসিক মজুরির দাবিতে একত্রিত হন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করতে থাকেন। পরে মূল সড়কে ওঠার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। শ্রমিকদের নিবৃত্ত করার চেষ্টা করা হলেও পরিস্থিতি একপর্যায়ে উত্তপ্ত হয়ে ওঠে। শুরু হয় ধাওয়া-পাল্টাধাওয়া।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, শ্রমিকেরা মূল সড়কে ওঠার চেষ্টা করলে তাদের মজুরি বোর্ড গঠন এবং এ বিষয়ে সিদ্ধান্ত আসার কথা জানিয়ে নিবৃত্ত করার চেষ্টা করা হয়। তবে তারা পুলিশের কথা না শোনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। কোনোভাবেই সড়ক দখল করে জনভোগান্তি সৃষ্টি করতে দেওয়া হবে না। এ ঘটনায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে কয়েকজনকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে, আন্দোলন চলাকালে শ্রমিকদের সঙ্গে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের বাগ্‌বিতণ্ডার অভিযোগ উঠেছে। স্থানীয় এক প্রত্যক্ষদর্শী ওষুধ ব্যবসায়ীর ভাষ্য অনুযায়ী, প্রথমে শ্রমিকদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের কথা-কাটাকাটি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

মেট্রো নিটিংয়ের এক শ্রমিক অভিযোগ করেন, তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলেন। এ সময় বিএনপির নেতাকর্মীরা এসে শ্রমিকদের মারধর করেন। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া যায়নি।

পুলিশের নিক্ষেপ করা টিয়ারশেলের ধোঁয়ায় স্থানীয় একটি হোসিয়ারি কারখানার শ্রমিক জান্নাত (১৮) অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। মিশর হোসিয়ারির আরেক শ্রমিক নার্গিস জানান, শ্রমিকদের সঙ্গে পুলিশের উত্তেজনার পর তাদের কারখানায় ছুটি ঘোষণা করা হয়। কারখানা থেকে বের হওয়ার পর তারা টিয়ারশেলের ধোঁয়ার মধ্যে পড়ে যান।

উল্লেখ্য, একই দাবিতে গত সোমবার ও মঙ্গলবারও ফতুল্লায় সড়ক অবরোধ ও বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা। তাদের আন্দোলনের কারণে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কে যান চলাচল ব্যাহত হয়। মঙ্গলবার বিকেলেও শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। ওই ঘটনায় চারজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) শামীম হোসাইন।

টানা তিন দিনের আন্দোলন ও সংঘর্ষের ঘটনায় ফতুল্লার শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষ নতুন করে উদ্বেগ তৈরি করেছে। শ্রমিকদের দাবি, ন্যূনতম মজুরি নিয়ে কার্যকর ও গ্রহণযোগ্য সিদ্ধান্ত না আসা পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকতে পারে। অন্যদিকে, সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা ও জনদুর্ভোগ এড়াতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ।

শ্রমিকদের মজুরি দাবির বিষয়ে দ্রুত কার্যকর উদ্যোগ এবং সংঘাত এড়িয়ে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর