নারায়ণগঞ্জের ফতুল্লায় পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছেন সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত যুবলীগ নেতা অজমতের অনুসারী আফসু হৃদয়কে গ্রেফতার করেছে পুলিশ । সোমবার (২ নভেম্বর) রাতে ফতুল্লার কাঠেরপুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ফতুল্লা মডেল থানা পুলিশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা এবং সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আফসু হৃদয় যুবলীগ নেতা আজমতের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত। পাশাপাশি সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের অনুসারী হিসেবেও এলাকায় তার পরিচিতি রয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগ আমলে দলীয় বিভিন্ন কর্মসূচিতে তার সরব উপস্থিতি ছিল।
এলাকাবাসীর অভিযোগ, রাজনৈতিক পরিচয়কে কেন্দ্র করে এলাকায় তার প্রভাব ছিল। গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের সঙ্গে মিশে কর্মসূচিতে অংশগ্রহণ, নাশকতার পরিকল্পনা এবং আওয়ামী লীগের বিভিন্ন ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগ নিয়েও স্থানীয় পর্যায়ে আলোচনা ছিল।
পুলিশের হাতে তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়তেই কাঠেরপুল এলাকায় বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। স্থানীয়দের দাবি, রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাবের আড়ালে কেউ যেন সহিংসতা ও নাশকতার মতো কর্মকাণ্ডে জড়িত থেকে পার না পায় এবং সংশ্লিষ্ট অন্যদেরও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।