শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সংবাদ শিরোনাম
আমতলীতে কলেজের নবীনবরণে ‘জয়বাংলা’ স্লোগান, ছাত্রলীগ নেতাসহ চার শিক্ষার্থী পুলিশ হেফাজতে আমতলী চৌরাস্তায় ট্রাফিক পুলিশ বক্স নেই, রোদ-বৃষ্টিতে ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন নারায়ণগঞ্জে ক্রীড়া উন্নয়ন ও প্রতিভাবান খেলোয়াড় তৈরিতে উপমন্ত্রীর সঙ্গে মতবিনিময় মানববর্জ্য থেকে তেল উৎপাদনে কুয়েটের সাফল্য, সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর চট্টগ্রাম রেঞ্জে একদিনে ৭৩২ গ্রেপ্তার, কিশোর গ্যাংয়ের ২৮৩ জন আটক জেলে অসুস্থ, হাসপাতালে মৃত্যু’ সজীবের জীবন থামল ২৫ বছরেই মা ইলিশ রক্ষায় এবার সাগর-নদী-আকাশে নৌবাহিনীর ত্রিমুখী নজরদারি মাছ বাজারে অভিযান: ৪ মন মা ইলিশ জব্দ, বিক্রেতাকে জরিমানা একটি শিশুও যেন শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা থেকে বঞ্চিত না হয় – এমপি কালাম কিশোরীরাই আগামী দিনের মা – জেলা প্রশাসক

মানববর্জ্য থেকে তেল উৎপাদনে কুয়েটের সাফল্য, সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর

উজ্জীবিত বাংলাদেশ ডেস্ক / ২৬ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন

মানববর্জ্য, পয়ঃশোধনাগারের বর্জ্য, রান্নাঘরের উচ্ছিষ্ট ও কৃষিজ অবশিষ্টাংশ থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রযুক্তি দেশে জ্বালানি খাতে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) গবেষকদের উদ্ভাবিত এ প্রযুক্তি বাণিজ্যিকভাবে বাস্তবায়নে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১০ অক্টোবর) সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ প্রযুক্তির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ সময় গবেষকরা তাদের উদ্ভাবিত প্রযুক্তির কার্যকারিতা, গবেষণার অগ্রগতি এবং দেশে বাণিজ্যিকভাবে জ্বালানি তেল উৎপাদনের সম্ভাবনা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন।

প্রকল্পটির মূল গবেষক কুয়েটের অধ্যাপক ড. মো. খালেকুজ্জামান প্রধানমন্ত্রীকে জানান, দীর্ঘদিনের গবেষণায় বর্জ্য থেকে জৈব অপরিশোধিত তেল বা ‘বায়োক্রুড’ উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। গবেষণার ফলাফল ও প্রকল্পটির ভবিষ্যৎ পরিকল্পনা শুনে প্রধানমন্ত্রী এর সম্ভাবনা বিবেচনায় বাস্তবায়নে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, প্রায় ১০ বছর ধরে পরিচালিত এ গবেষণায় ‘হাইড্রোথার্মাল লিকুইফ্যাকশন’ প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন ধরনের বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের কাজ চলছে। গবেষণাগারে পরীক্ষামূলকভাবে এ প্রযুক্তির মাধ্যমে ৫০ থেকে ৫৫ শতাংশ পর্যন্ত বায়োক্রুড উৎপাদনের ফল পাওয়া গেছে। পাশাপাশি ডিজেলসমৃদ্ধ বায়োক্রুড উৎপাদনেও সাফল্য অর্জনের কথা জানিয়েছেন গবেষকরা।

গবেষণাগারের সাফল্যকে শিল্পপর্যায়ে নিয়ে যেতে পরবর্তী ধাপে প্রতিদিন এক থেকে তিন টন বর্জ্য প্রক্রিয়াকরণে সক্ষম একটি পাইলট প্ল্যান্ট স্থাপনের পরিকল্পনা করেছেন গবেষকরা। এ প্ল্যান্টে প্রযুক্তিটির বাস্তব কার্যকারিতা, উৎপাদন ব্যয় এবং বাণিজ্যিকভাবে লাভজনক হওয়ার সম্ভাবনা যাচাই করা হবে।

প্রস্তাবিত পাইলট প্রকল্পটি বাস্তবায়নে আনুমানিক ১০০ থেকে ১২০ কোটি টাকা প্রয়োজন হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এই পর্যায়ে সফলতা পাওয়া গেলে প্রযুক্তিটিকে বৃহৎ পরিসরে সম্প্রসারণের পথ তৈরি হতে পারে।

গবেষকদের ধারণা, প্রযুক্তিটি বাণিজ্যিকভাবে কার্যকর প্রমাণিত হলে ভবিষ্যতে আমদানিকৃত অপরিশোধিত তেলের প্রায় ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত বিকল্প উৎস থেকে প্রতিস্থাপনের সম্ভাবনা রয়েছে। এতে বছরে আনুমানিক ৬ হাজার ৫০০ কোটি থেকে ১৩ হাজার কোটি টাকা সমমূল্যের বৈদেশিক মুদ্রা সাশ্রয় হতে পারে।

তবে এ সম্ভাবনা বাস্তবে রূপ দিতে প্রযুক্তিটির বৃহৎ পরিসরে উৎপাদন সক্ষমতা, কাঁচামালের প্রাপ্যতা, উৎপাদন ব্যয় এবং অর্থনৈতিক কার্যকারিতা বিস্তারিতভাবে যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রকল্পসংশ্লিষ্ট গবেষকদের প্রত্যাশা, সরকারি সহায়তায় উদ্ভাবিত প্রযুক্তিটি বাণিজ্যিক পর্যায়ে পৌঁছাতে পারলে দেশের জ্বালানি আমদানিনির্ভরতা কমানোর পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনাতেও ইতিবাচক পরিবর্তন আসবে। একই সঙ্গে পরিবেশদূষণ নিয়ন্ত্রণ, বর্জ্যকে সম্পদে রূপান্তর এবং দেশীয় জ্বালানি শিল্পের বিকাশে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে।

প্রদর্শনীতে অন্যদের মধ্যে বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল মাহমুদ টুকু, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পাবলিক ম্যানেজমেন্ট বিভাগের সদস্য অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, কুয়েটের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাছুদ এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান ড. মোহাম্মদ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর