নারায়ণগঞ্জের ফতুল্লায় গভীর রাতে তিতাস গ্যাসের পাইপলাইনে অবৈধ সংযোগ স্থাপনের সময় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে আরিফুল ইসলাম (৩৫) নামে একজনের শরীরের প্রায় ৬৫ শতাংশ পুড়ে যাওয়ায় তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। অপর তিনজনকে স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সোমবার (১৪ জুলাই) দিবাগত রাত প্রায় সাড়ে ১২টার দিকে ফতুল্লা উপজেলার কুতুবপুর ইউনিয়নের চিতাশাল এলাকার ১ নম্বর গলিতে দেলোয়ার হোসেনের বাড়ির সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।
গুরুতর আহত আরিফুল ইসলাম রংপুর জেলার কালীগঞ্জ থানার লতাবর গ্রামের আলী আজগরের ছেলে। তিনি ফতুল্লার দেলপাড়া বাজারসংলগ্ন তানিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, দেলোয়ার হোসেনের বাড়িতে গ্যাস সংযোগ দেওয়ার উদ্দেশ্যে সড়ক কেটে পাইপলাইনে সংযোগ স্থাপনের জন্য ১৭ হাজার টাকায় একটি চুক্তি হয়। এ বাবদ অগ্রিম দুই হাজার টাকা পরিশোধ করা হয়েছিল এবং কাজ শেষ হলে বাকি অর্থ দেওয়ার কথা ছিল।
এ কাজে দেলপাড়া এলাকার গ্যাস সংযোগ সংশ্লিষ্ট ঠিকাদার মাসুমের মাধ্যমে কয়েকজন শ্রমিক ঘটনাস্থলে আসেন। স্যানিটারি মিস্ত্রি আব্দুল জলিলের সঙ্গে আরিফুল ইসলামসহ শ্রমিকরা রাতেই খোঁড়াখুঁড়ি শুরু করেন। একপর্যায়ে পাইপলাইনে সংযোগ দেওয়ার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলে থাকা চারজন শ্রমিক আগুনে দগ্ধ হন।
দগ্ধদের মধ্যে তিনজনের আঘাত তুলনামূলক কম হওয়ায় স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। তবে আরিফুল ইসলামের শরীরের বড় অংশ পুড়ে যাওয়ায় তাকে দ্রুত রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার শরীরের প্রায় ৬৫ শতাংশ দগ্ধ হয়েছে এবং তিনি নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
ঘটনার বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুব আলম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। কীভাবে এ ঘটনা ঘটেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।