বুধবার, ১৭ জুন ২০২৬, ০২:০১ অপরাহ্ন

বয়সের সঙ্গে হাঁটার ধরন বদলায় কেন, মিলল নতুন ব্যাখ্যা

কামাল হোসেন খান / ২২ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেই লক্ষ্য করেন, আগে যে পথ সহজে হেঁটে যাওয়া যেত, এখন সেটি পাড়ি দিতেই বেশি পরিশ্রম লাগে। কেউ কেউ হাঁটার সময় ভারসাম্য হারানোর ভয় পান, আবার অনেকের গতি ধীরে হয়ে যায়। এতদিন অনেকেই এটিকে বয়সজনিত স্বাভাবিক পরিবর্তন বলে মনে করতেন। তবে নতুন গবেষণা বলছে, এর পেছনে রয়েছে শরীরের একটি নির্দিষ্ট পরিবর্তন, যা গোড়ালি এবং স্নায়ুতন্ত্রের সঙ্গে জড়িত।

সম্প্রতি বিজ্ঞানবিষয়ক সাময়িকী গেইট অ্যান্ড পোস্টারে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীর হাঁটার সময় দক্ষতার চেয়ে নিরাপত্তাকে বেশি গুরুত্ব দিতে শুরু করে। গবেষণাটি পরিচালনা করেছেন অস্ট্রেলিয়ার ফ্লিন্ডার্স ইউনিভার্সিটি এবং ইউনিভার্সিটি অব ক্যানবেরার গবেষকেরা।

কেন বদলে যায় হাঁটার ধরন?

গবেষকদের মতে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে স্নায়ুতন্ত্র পেশিগুলোকে এমনভাবে নিয়ন্ত্রণ করতে শুরু করে, যাতে পড়ে যাওয়ার ঝুঁকি কমে। বিশেষ করে গোড়ালির চারপাশের পেশিগুলো একসঙ্গে বেশি সক্রিয় থাকে। এর ফলে শরীর তুলনামূলকভাবে স্থিতিশীল থাকে, কিন্তু হাঁটার সময় বেশি শক্তি খরচ হয়।

গবেষণার সহলেখক অ্যাসোসিয়েট প্রফেসর মার্টেন ইমিঙ্ক বলেন, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীর স্বাভাবিকভাবেই একটি নিরাপত্তাকেন্দ্রিক কৌশল গ্রহণ করে। এতে দ্রুত বা সাবলীলভাবে হাঁটার ক্ষমতা কিছুটা কমে গেলেও পড়ে যাওয়ার সম্ভাবনা কমে।

ফ্লিন্ডার্স কেয়ারিং ফিউচারস ইনস্টিটিউটের গবেষক ড. কোডি লিন্ডসে বলেন, বয়স বাড়লে শরীর দক্ষতার চেয়ে স্থিতিশীলতাকে বেশি গুরুত্ব দিতে শুরু করে। ফলে দীর্ঘ সময় হাঁটার পর ক্লান্তি বেশি অনুভূত হতে পারে।

পড়ে যাওয়ার ঝুঁকি কেন বাড়ে?

এই পরিবর্তনের কারণে হঠাৎ পা পিছলে গেলে বা কোথাও হোঁচট খেলে ভারসাম্য দ্রুত ফিরে পাওয়া কঠিন হয়ে যায়। এ কারণেই বয়সি ব্যক্তিদের মধ্যে পড়ে যাওয়ার ঝুঁকি তুলনামূলক বেশি দেখা যায়।

গবেষণায় ২৬ থেকে ৮৬ বছর বয়সি ১০৭ জন সুস্থ ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। অংশগ্রহণকারীরা তাদের স্বাভাবিক গতিতে হাঁটেন এবং গবেষকেরা থ্রিডি মোশন ক্যাপচার প্রযুক্তি, ফোর্স প্ল্যাটফর্ম এবং পেশির কার্যক্রম পরিমাপক যন্ত্র ব্যবহার করে তাদের হাঁটার ধরন বিশ্লেষণ করেন।

সুস্থ ও স্থিতিশীল থাকতে কী করবেন?

বিশেষজ্ঞদের মতে, বয়সজনিত এই পরিবর্তন পুরোপুরি ঠেকানো না গেলেও কিছু অভ্যাসের মাধ্যমে এর প্রভাব কমানো সম্ভব।

নিয়মিত শারীরিকভাবে সক্রিয় থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। শুধু শক্তি বাড়ানোর ব্যায়াম করলেই হবে না, বরং ভারসাম্য রক্ষা, সমন্বয় ক্ষমতা বৃদ্ধি এবং হাঁটার স্বাভাবিক ছন্দ বজায় রাখতে সাহায্য করে এমন ব্যায়ামও প্রয়োজন।

ডা. লিন্ডসে বলেন, ছোট ছোট নিয়মিত ব্যায়াম দীর্ঘ সময় পর্যন্ত আত্মবিশ্বাস, চলাফেরার সক্ষমতা এবং স্বাধীন জীবনযাপন বজায় রাখতে সাহায্য করতে পারে।

হাঁটা কেন এখনও সেরা ব্যায়ামগুলোর একটি?

বিশেষজ্ঞরা মনে করেন, প্রতিদিন হাঁটার অভ্যাস শরীরের জন্য অত্যন্ত উপকারী। নিয়মিত দ্রুত হাঁটা হৃদ্‌স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে ভূমিকা রাখে।

এ ছাড়া হাঁটা ক্যালরি পোড়াতে সাহায্য করে, ওজন নিয়ন্ত্রণে রাখে এবং শরীরের রক্তসঞ্চালন উন্নত করে। পেশিতে অক্সিজেন পৌঁছাতে সহায়তা করে এবং শরীরের বিভিন্ন অংশে জমে থাকা ল্যাকটিক অ্যাসিড কমিয়ে ব্যথা ও অস্বস্তি হ্রাস করতে পারে।

বিশেষজ্ঞদের মতে, দিনে মাত্র ৩০ মিনিট হাঁটাও হৃদরোগের ঝুঁকি কমাতে, মন ভালো রাখতে, পেশি শক্তিশালী করতে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা উন্নত করতে সহায়তা করে।

নারীদের ক্ষেত্রে বিশেষ করে পেরিমেনোপজ ও মেনোপজের সময় হাঁটা আরও গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ, এটি হরমোনের ভারসাম্য বজায় রাখতে এবং হাড়কে আরও শক্তিশালী করতে সাহায্য করে।

বয়স বাড়ার সঙ্গে হাঁটার ধরন বদলে যাওয়া স্বাভাবিক। তবে এর মানে এই নয় যে সক্রিয় জীবনযাপন থেমে যেতে হবে। নিয়মিত হাঁটা, ভারসাম্য বৃদ্ধির ব্যায়াম এবং সক্রিয় জীবনধারা বয়সজনিত পরিবর্তনের প্রভাব কমাতে সাহায্য করতে পারে। শরীর হয়তো নিরাপত্তার জন্য কিছুটা ধীর হয়ে যায়, কিন্তু সঠিক অভ্যাস ধরে রাখলে দীর্ঘদিন সুস্থ ও স্বাবলম্বী থাকা সম্ভব।

সূত্র: গালফ নিউজ


এই ক্যাটাগরীর আরো খবর..
এক ক্লিকে বিভাগের খবর