আদালত থেকে জামিন পেয়ে বের হওয়ার পর সাংবাদিকের ওপর চড়াও হওয়ার অভিযোগ উঠেছে চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
এ সময় উপস্থিত গণমাধ্যমকর্মীদের সামনেই এক সাংবাদিককে লক্ষ্য করে ক্ষোভ প্রকাশ, অকথ্য ভাষায় গালিগালাজ এবং তাঁর সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ ওঠে অভিনেত্রীর বিরুদ্ধে।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, আদালত থেকে বের হয়ে গাড়িতে ওঠার প্রস্তুতিকালে সাংবাদিকদের ভিড়ের মধ্যে এক গণমাধ্যমকর্মীর সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন পরীমণি। এ সময় তাঁকে ওই সাংবাদিকের উদ্দেশে বলতে শোনা যায়, ‘তুই আমার গায়ে হাত দিলি কেন?’ একপর্যায়ে তিনি ক্ষুব্ধ হয়ে অশালীন ভাষায় কথা বলতে থাকেন।
তবে পরীমণির অভিযোগ অস্বীকার করে ওই সাংবাদিক পাল্টা প্রশ্ন করেন, ‘আমি কেন আপনার গায়ে হাত দেব? আমার ট্রাইপড ভেঙে দিলেন কেন?’ এ সময় অভিনেত্রীর সঙ্গে থাকা আরেক ব্যক্তিকেও সাংবাদিকের বিরুদ্ধে হাত টানাটানির অভিযোগ তুলতে শোনা যায়।
ঘটনার বিষয়ে হেনস্তার শিকার ওই জাতীয় দৈনিকের ডিজিটাল বিভাগের সাংবাদিক জানান, পরীমণি আদালতে আসার সময় তিনি অন্য সংবাদকর্মীদের সঙ্গে তাঁর ভিডিও ধারণ করছিলেন। এ সময় অভিনেত্রীর সঙ্গে থাকা বডিগার্ডদের ধাক্কায় কয়েকজন সংবাদকর্মী পড়ে যান বলে তাঁর অভিযোগ। এরপরও ভিডিও ধারণ অব্যাহত রাখলে পরীমণি তাঁর মোবাইল ফোনে হাত দিয়ে সেটি কেড়ে নেওয়ার চেষ্টা করেন। পরে তিনি অভিনেত্রীর হাত থেকে নিজের ফোন উদ্ধার করেন।
ওই সাংবাদিক আরও অভিযোগ করেন, মামলার শুনানি শেষে আদালত থেকে নিচে নামার পর তাঁকে দেখে আবারও ক্ষিপ্ত হয়ে ওঠেন পরীমণি। এ সময় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে অকথ্য ও গালিগালাজপূর্ণ ভাষায় কথা বলেন অভিনেত্রী।
আদালত প্রাঙ্গণে দায়িত্ব পালনরত সাংবাদিকদের সঙ্গে এমন আচরণ নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে। সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের নিরাপত্তা, পেশাগত মর্যাদা এবং গণমাধ্যমকর্মীদের সঙ্গে তারকাদের আচরণ নিয়ে ঘটনাটি আলোচনার সৃষ্টি করেছে।
এর আগে বৃহস্পতিবার সকালে ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি প্রদর্শনের মামলায় ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সশরীরে হাজির হয়ে আত্মসমর্পণ করেন পরীমণি। শুনানি শেষে আদালত ৫০০ টাকা মুচলেকায় তাঁর জামিন মঞ্জুর করেন।
জামিনে মুক্তি পাওয়ার পর আদালত চত্বরেই সাংবাদিকের সঙ্গে এমন অপ্রীতিকর পরিস্থিতিতে জড়িয়ে পড়ার ঘটনায় পরীমণির আচরণ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।