নারায়ণগঞ্জের বন্দরে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ কথিত ডাকাত দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন, সোনাচড়া এলাকার চোক্কা খোকন (৩৬), রামনগর এলাকার মো. পারভেজ (২৮) ও মো. মঞ্জুর (৫০)।
শনিবার (২৪ অক্টোবর) দুপুরে বন্দর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন।
ওসি জানান, শুক্রবার (২৩ অক্টোবর) রাত আনুমানিক ১০টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানাধীন সোনাচড়া ও রামনগর এলাকার বায়তুল মামুর জামে মসজিদের পেছনে তিন রাস্তার মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় চোক্কা খোকন, মো. পারভেজ ও মো. মঞ্জুরকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা দীর্ঘদিন ধরে ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে দেশীয় অস্ত্রগুলো নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছে।
গ্রেফতারদের কাছ থেকে একটি লোহার তৈরি কাঠের বাটযুক্ত রামদা, একটি প্লাস্টিকের বাটযুক্ত ছুরি, একটি লোহার তৈরি চাপাতি, কালো কস্টেপ দিয়ে প্যাঁচানো একটি ছুরি, হলুদ রঙের প্লাস্টিকের বাটযুক্ত দুটি ছুরি এবং একটি লাল রঙের প্লাস্টিকের কভারযুক্ত তার কাটার প্লাস উদ্ধার করা হয়েছে।
এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩৯৯/৪০২ ধারায় বন্দর থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেফতার চোক্কা খোকনের বিরুদ্ধে একাধিক ডাকাতিসহ মোট ১১টি মামলা চলমান রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে পাঁচটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। অপর গ্রেফতার মো. পারভেজের বিরুদ্ধে একটি ডাকাতির প্রস্তুতি মামলা ও একটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। মো. মঞ্জুরের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতিসহ মোট তিনটি মামলা চলমান রয়েছে।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী ও অতিরিক্ত পুলিশ সুপার ‘খ’ সার্কেল দীপংকর ঘোষের তত্ত্বাবধানে এবং বন্দর থানার ওসি জামাল উদ্দিনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।