নারায়ণগঞ্জের বন্দরে পূজার মেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিন যুবকের ওপর অতর্কিত হামলা ও মারধরের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ২৩ অক্টোবর রাতে ভুক্তভোগী মোঃ লিমন (১৯) বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪-৫ জনের বিরুদ্ধে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন, বন্দর র্যালী আবাসিক এলাকার কিমন (৩০), মাসুদ (২৭), কালু (২৭), আনিস (২৮), বাপ্পি (২৫), আকাশ (২৬) এবং অজ্ঞাতনামা আরও ৪-৫ জন। জানা গেছে, কিমন খান স্থানীয় প্রভাবশালী যুবলীগ নেতা খান মাসুদের সহযোগি।
অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তিরা এলাকায় মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে মারধর এবং ভয়ভীতি প্রদর্শন করে আসছিল।
গত ২৩ অক্টোবর রাত আনুমানিক ৯টার দিকে বন্দর থানাধীন সিরাজদৌল্লা মাঠে আয়োজিত পূজার মেলা দেখতে যান বন্দর চৌধুরীবাড়ী এলাকার নুর আলমের ছেলে মোঃ লিমন এবং তার দুই বন্ধু ইয়ামিন (১৯) ও মুস্তাকিন (১৮)। মেলা চলাকালে তুচ্ছ একটি বিষয়কে কেন্দ্র করে বিবাদীরা ইয়ামিনকে মারধর শুরু করে। এ সময় লিমন ও মুস্তাকিন এগিয়ে গিয়ে প্রতিবাদ করলে অভিযুক্তরা লোহার রড ও কাঠের বাটাম (ডাসা) দিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং এলোপাতাড়ি পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করে।
হামলার সময় ভুক্তভোগীদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা ভবিষ্যতে সুযোগ পেলে তাদের খুন করে লাশ গুম করার হুমকি দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
বাদী মোঃ লিমন জানান, হামলার পর চিকিৎসা গ্রহণ এবং পরিবারের সদস্যদের সাথে আলোচনা করায় থানায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে। বর্তমানে তিনি ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে অভিযোগে উল্লেখ করেন।