জামালপুরের বকশীগঞ্জে পূর্ব শত্রুতা ও পারিবারিক কলহের জেরে মেহেদী হাসান (২৩) নামের এক যুবককে ডেকে নিয়ে পিটিয়ে জখম ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী যুবক বাদী হয়ে মো. জাকারিয়া পারভেজ ওরফে বুলালসহ ৬ জনের নাম উল্লেখ করে বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, বকশীগঞ্জ উপজেলার বাটিজোড় ঝুড়ারপাড় (বড়বাড়ী) গ্রামের মো. আঃ কুদ্দুছের ছেলে মো. মেহেদী হাসানের সাথে প্রতিবেশী জাকারিয়া পারভেজের ভাগ্নি দিপুমনির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরবর্তীতে গত ১০ জুলাই রেজিস্ট্রি কাবিন মূলে পারিবারিকভবে তাদের বিয়ে হয় এবং দিপুমনি মেহেদীর বাড়িতেই সংসার করছিলেন। এর প্রায় দেড় মাস পর দিপুমনি তার মায়ের সাথে পিত্রালয়ে বেড়াতে যান। পরবর্তীতে তাকে ফিরিয়ে আনতে গেলে বিবাদীদের প্ররোচনায় দিপুমনি স্বামীর বাড়িতে আসতে অস্বীকৃতি জানান এবং দুই পরিবারের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, এই বিরোধের জেরে বিবাদীরা মেহেদী ও তার বাবা-মার বিরুদ্ধে জামালপুর নারী ও শিশু আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্তাধীন অবস্থায় ১ ও ৪ নম্বর বিবাদী মোবাইল ফোনে যোগাযোগ করে মামলা তুলে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করেন এবং অন্যথায় আইনি ব্যবস্থার হুমকি দেন।